“এ” দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

সদ্য সমাপ্ত হওয়া নিউজিল্যান্ড সিরিজ শেষ করে টি-টোয়েন্টি স্কোয়াডের সব সদস্যই ছুটি পেয়েছেন। এর মধ্যে ৫ ক্রিকেটার ওমরা পালন করতে যাচ্ছেন, ২ ক্রিকেটার যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবং ছন্দ খুঁজতে ছুটি বিসর্জন দিচ্ছেন মুশফিকুর রহিমও। তিনি স্বভাবতই পরিশ্রমী একজন ক্রিকেটার। ফিটনেস ও ব্যাটিং ছন্দ সচল রাখতে নিয়মিত কটুর পরিশ্রম করেন তিনি। অনেকটা অবিসংবাদিতভাবে বলা যায় দেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি।

তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আশানুরূপ পারফর্ম করতে ব্যার্থ মুশফিকুর রহিম। আর সেই ছন্দ খুঁজে পেতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুই দল যে তিনটি ম্যাচ খেলবে, তার প্রথম দুটি ম্যাচে খেলবেন মুশফিক। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘মুশফিক ফোন করেছিল। সে ওয়ানডে ম্যাচগুলো খেলতে চেয়েছে। আমরা সূচি পরিবর্তন করে, একদিন এগিয়ে ওকে দুটি ম্যাচ খেলার সুযোগ দিয়েছি।’

অক্টোবরের শুরুতে দলের সাথে বিশ্বকাপ খেলতে যাত্রা করতে হবে মুশফিককে। তার কথা বিবেচনা করে ‘এ’ দল ও এইচপি দলের ওয়ানডে সিরিজের সূচি এগিয়ে আনা হয়েছে। প্রথম দুই ম্যাচ ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচিতে অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।

একনজরে ওয়ানডে সিরিজে ‘এ’ দলের স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম (প্রথম দুই ম্যাচ) সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ইরফান সুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »