নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের উইকেট অত্যন্ত কঠিন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে ফর্মহীনতায় থাকা ব্যাটসম্যানদের নিয়ে তিনি চিন্তিত নন।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন এই অলরাউন্ডার। এ সময় তার কাছে বিশ্বকাপ ও সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে নানা প্রশ্ন করা হয়। তার মতে, ব্যাটিংয়ের জন্য এমন কঠিন উইকেটের পারফরম্যান্স দিয়ে ব্যাটসম্যানদের যাচাই করা উচিৎ নয়।
সাকিব বলেন,”এই ৯-১০টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো করেনি যে বলতে পারবেন ও ভালো করেনি। ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স খুব একটা গণ্য না করাই ভালো।এরকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা কাউন্ট না করি আমরা। যারা দলে আছে সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে। যার যার জায়গা থেকে সবাই শতভাগ চেষ্টা করছে।”
