বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক নবী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রশিদ খান নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। একইসাথে ঘোষিত বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে আফগানিস্তানের ১৮ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। স্কোয়াড ঘোষণার আধাঘণ্টার মধ্যেই টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ টুইটারে জানান, দল ঘোষণার ক্ষেত্রে নির্বাচকরা তার মতামত না নেওয়ায় তিনি অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

রশিদ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও বিশ্বকাপ স্কোয়াডে আছেন। এসিবি জানিয়েছে, বিশ্বকাপ দলে পরিবর্তন হবে না।

এসিবি এক বিবৃতিতে জানায়,”রশিদ খানের পদত্যাগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। তার জায়গায় মোহাম্মদ নবীকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক এবং নাজিবউল্লাহ জাদরানকে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। এটি স্পষ্টভাবে উল্লেখ্য যে, বিশ্বকাপের জন্য ঘোষিত দলে কোনো পরিবর্তন হবে না।’’

একনজরে আফগানদের বিশ্বকাপ স্কোয়াড

মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহীদী, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক),, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শরফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমেদ।

রিজার্ভ খেলোয়াড় : আফসার জাজাই, ফরিদ আহমাদ মালিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »