নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে ব্যাটসম্যানদের আগ্রাসী মনোভাবকেই দায়ী করেছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। ১২০ বলে ১২৯ রান তাড়া করে জেতা অসম্ভব ছিল না বলেও দাবি তার।
তৃতীয় ম্যাচের উইকেট ছিল অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো। বাংলাদেশ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাও করেছিল ভালোভাবে। তবে আগ্রাসী ব্যাটিংয়ের কারণেই ৫২ রানের বড় পরাজয় জুটেছে বলে মনে করেন প্রিন্স। ভালো শুরুর পর এমন পরিণতি মেনে নিতে তাই খানিকটা হতাশ ব্যাটিং কোচ।
প্রিন্স বলেন,’‘আমার মনে হয় রান তাড়ায় আমরা আরও দায়িত্বশীল হতে পারতাম। আমরা শুরুটা ভালোই করেছিলাম। প্রথম ওভারে নাঈমের একটি বাউন্ডারি, দ্বিতীয় ওভারে লিটনের দুটি বাউন্ডারি, ২ ওভার শেষে রান ছিল ২০। এর পরের ৩-৪ ওভারে দ্রুত অনেক উইকেট হারিয়ে ফেলেছি।’’
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, হারের পেছনে ব্যাটসম্যানদের আগ্রাসী মনোভাবের দায় নেই, দলের পরিকল্পনাই ছিল এমন। তবে প্রিন্সের মতে, ২০ ওভারে ১২৯ রানের লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব্যাটিংই কাল হয়েছে বাংলাদেশের।
তিনি বলেন,’‘আমরা অনেক বেশি আগ্রাসী ব্যাটিং করেছি। আমার মনে হয় না পিচ খুব বেশি পরিবর্তন হয়েছিল। ১২৯ রান প্রতিদ্বন্দ্বিতা করার মত স্কোর ছিল। আরেকটু দেখেশুনে খেললে রান তাড়া করতে পারতাম।”
