দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের ‘৪’ রানের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে ২-০ তে সিরিজে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে টাইগাররা। টানা ওপেনিং ব্যর্থতার পর এই ম্যাচে ওপেনিং জুটিতে লিটন দাশ ও নাইম শেখ মিলে গড়েন ৫৯ রান! দলীয় ১০ম ওভারে ব্যক্তিগত ৩৩ রানে বিদায় নেন লিটন। ক্রিজে এসে প্রথম বলেই স্টাম্পিংয়ের ফাঁদে গোল্ডেন ডাকে বিদায় নেন মুশফিকুর রহিম। এরপর সাকিবের ৭ বলে ১২ রানে ছোট্ট ক্যামিও শেষ হয় ভুল শটে। একপ্রান্তে সেট নাইম আর অধিনায়ক রিয়াদ মিলে গড়েন ৩৪ রানের জুটি!

দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ৩৯ রানে নাইম শেখ ফিরলে এরপরই দ্রুত বিদায় নেন আফিফও! ১০৯ রানে পাঁচ উইকেটের পর রিয়াদ ও নুরুল হাসান সোহান মিলে ৩২ রানের জুটির পথে বাংলাদেশকে পৌঁছে দেন ১৪১ রানে! শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে স্বাগতিকরা। কিউইদের পক্ষে রাচিন রবীন্দ্র একাই নেন ২২ রানে ৩ উইকেট।

১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১৬ রান করে দুই কিউই ওপেনার। এরপর রাচিন রবীন্দ্রকে বোল্ড করে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। দলের সাথে ২ রান যোগ করতেই নেই ২ উইকেট! এরপর উইল ইয়ঙের সাথে ৪৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন টম ল্যাথাম। ইয়ঙ ফিরলেও গ্রান্ডহোমের সাথে ২৪ রানের জুটি গড়ে আবারো জয়ের আশা জাগান ল্যাথাম। তবে পর পর দুই উইকেট দ্রুত পড়লে ৯২ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।

ল্যাথাম একপ্রান্ত আগলে রেখে তুলে নেন দুর্দান্ত ফিফটি। ম্যাকোনিকে নিয়ে জুটির পথে জয়ের দিকেই এগোতে থাকেন তিনি। শেষ ২ ওভারে দরকার ছিলো ২৮ রান। সাইফউদ্দিনের করা ১৯ তম ওভারে আসে ৮ রান। শেষ ওভারে ২০ রান দরকার! বল হাতে মুস্তাফিজ। শেষ ওভারে মুস্তাফিজ দেন ১৫ রান। বাংলাদেশ জয় পায় ৪ রানে।

নিউজিল্যান্ডের পক্ষে টম ল্যাথাম সর্বোচ্চ ৬৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব ২৯ রানে এবং মাহেদি হাসান ১২ রানে দু’জনেই নেন ২ টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »