নিউজিল্যান্ডকে প্রথমবার হারালো টাইগাররা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ।

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। মাত্র ৯ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। সাকিব-নাসুমদের বলে বেশামাল কিউইরা। ৫ম উইকেটে টম ল্যাথাম ও হেনরি নিকোলস ৩৪ রানের জুটি গড়লেও মুস্তাফিজ-সাকিবদের ম্যাজিকে মুখ থুবড়ে পড়ে কিউইরা। ৪৩ রানে ৪ উইকেট থেকে ১৭ রান যোগ করতেই অলআউট কিউইরা!

হেনরি নিকোলস ও টম ল্যাথামের ১৮ ছাড়া কেউই পেরোতে পারেনি এক অঙ্কের কোটা! ১৩ রানে মুস্তাফিজুর ৩ এবং সাকিব-নাসুমরা শিকার করেন দু’টি করে উইকেট। টি-টোয়েন্টি ইতিহাসে নিউজিল্যান্ডের এটি যৌথভাবে সর্বনিম্ন স্কোর। মিরপুরের মাটিতেও টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর।

মাত্র ৬১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বিপাকে পড়ে টাইগাররাও! দলীয় ৭ রানেই ২ ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৩০ রানের জুটি ম্যাচ জয়ের ভীত গড়ে দেয়। দলীয় ৩৭ রানের ব্যক্তিগত ২৫ রানে সাকিব ফিরলেও বাকি কাজটা সহজেই সেরে ফেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিক।

৫ ওভার বাকি থাকতেই মুশফিকের ১৬ ও রিয়াদের অপরাজিত ১৪ রানে ৭ উইকেটের সহজ জয় পায় টাইগাররা। কিউইদের পক্ষে এইজাজ প্যাটেল, কল ম্যাকোনি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »