এখানে রান করার প্রত্যাশা কমাতে হবেঃ রবীন্দ্র

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে রান করতে বেগ পেতে হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলের ব্যাটসম্যানদের। টি-টোয়েন্টি ম্যাচ হলেও পুরো সিরিজে দলীয় সর্বোচ্চ ১৩১ রান। সেই ছোট লক্ষ্যও তাড়া করতে পারেনি অস্ট্রেলিয়া। তাই ঢাকা সফরে আসার আগে ঘরে বসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র।

অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের দাবি, বাংলাদেশে রান করার প্রত্যাশা কমাতে হবে। সেই সঙ্গে তিনি মনে করেন, এখানে ওভার প্রতি ৬ রান করতে পারাটাই ভালো ব্যাপার।

এ প্রসঙ্গে রবীন্দ্র বলেন,’‘এখানে অনেকটা সোজা ব্যাটে খেলতে হবে। একটু বুঝে ব্যাট করতে হবে। এখানে হয়তো ওভার প্রতি ৬ রান করে তুলতে পারলেই সেটা ভালো ব্যাপার। নিউজিল্যান্ডে যেটা ওভার প্রতি ৮ বা ১০ রান। এখানে হয়তো আমাদের রান করার প্রত্যাশা একটু কমাতে হবে। উইকেটে গিয়ে বুঝতে হবে, কেমন রান করতে চাই আমরা। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে যা দেখেছি, এখানে হয়তো ১৩০ রান জয়ের মতো স্কোর।’’

নিউজিল্যান্ড এই ধরনের কন্ডিশনের খুব বেশি পরিচিত নন। ২০১৬ সালে যুব দলের হয়ে বাংলাদেশ সফরে আসলেও তরুণ অলরাউন্ডার রবীন্দ্রর দাবি, এখানের কন্ডিশন অচেনা। আগামী কয়েকদিন নিয়মিত অনুশীলন করে তারপর বাংলাদেশকে হারাতে নিজেদের পরিকল্পনা করতে চায় নিউজিল্যান্ড।

রবীন্দ্র বলেন,’‘অবশ্যই একটু অচেনা কন্ডিশন। নিউজিল্যান্ডে আমরা যেমন পাই, সেটির চেয়ে ভিন্ন। এই কন্ডিশন ও তাপের সঙ্গে একটু মানিয়ে নিতে হবে। অবশ্যই অনেক আলাদা এখানে। পিচ অনেক টার্ন করবে, বল থমকে আসবে। আমাদের জন্য তাই দারুণ চ্যালেঞ্জ হবে এটি। আগামী কয়েক দিনে এখানে মানিয়ে নেওয়া ও নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »