নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহামারী করোনা ভাইরাসের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে এখনো পর্যন্ত সফলভাবেই সম্পন্ন করতে পেরেছে বিসিবি। সেই ধারাবাহিকতাই এবার নিউজিল্যান্ডকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ। কিউইদের নিরাপত্তায় বিসিবির জোরদার সব প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করছেন দেশটির পেসার হ
হামিশ বেনেট।
আট বছর পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে গতকাল বাংলাদেশে পা রাখে কিউই দল। এখনো হোটেলে কোয়ারেন্টিনে আছেন তারা। বুধবার ভার্চুয়াল সংবাদ মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হন হামিশ বেনেট।
হামিশ বেনেট বলেন,”এটা অনেক লম্বা এবং কঠিন ফ্লাইট ছিল। কিন্তু আমরা খুব সৌভাগ্যবান ছিলাম। বিমান থেকে নামার পর থেকে আমাদের খুব ভালো খেয়াল রাখা হয়েছে। আমাদের যতটা সম্ভব নিরাপদে পাওয়ার জন্য তাদের (বাংলাদেশের) সরকার এবং ক্রিকেট বোর্ড যা করেছে তার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়।”
নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য করা বিসিবির সব পরিকল্পনা চমৎকার হয়েছে বলে মনে করেন বেনেট। তিনি বলেন,”আমাদের জন্য বিসিবি যে পরিকল্পনাগুলো করে এবং যে প্রক্রিয়াগুলোর ব্যবস্থা করেছে সেগুলো চমৎকার। ঝুঁকি কমানোর জন্য তারা (বিসিবি) অসাধারণ কাজ করেছে।”
