মিরপুরের উইকেট নিয়ে সন্তুষ্ট আকরাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মিরপুরের উইকেটে অজিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি তাদের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জা দিয়েছে টাইগাররা। আগামী মাসের ১ সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ধারণা করা হচ্ছে এই সিরিজেও একই উইকেট বানিয়ে কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়া আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আগে ধীরগতির আর টার্নিং উইকেটে খেলে কতটুকু প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তা নিয়ে বেশ সন্দিহান ছিলেন অনেকেই। এ বিষয়ে অবশ্য ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, মিরপুরের উইকেট হলেও বিশ্বকাপের আগে খুব ভালো প্রস্তুতিতে আছে দল।

আকরাম বলেন,”আমরা বলি না আমাদের এমন উইকেট দাও। উইকেট যেমনই হয় আমরা সেখানেই খেলি। এখানে (মিরপুর) হোম অ্যাডভান্টেজ পাওয়া যায়। যে দেশেই খেলা হোক, হোম অ্যাডভান্টেজ সেই দেশের খেলোয়াড়রা নেয়। বাংলাদেশের খেলোয়াড়রা এই উইকেটে বেশি খেলেছে, অ্যাডভান্টেজ তো থাকবেই।”

তিনি আরও বলেন,”বিশ্বকাপের আগে আমরা খুব ভালো একটা প্রস্তুতিতে আছি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে খেলা, জিম্বাবুয়েও সফর করলাম। বিশ্বকাপ ভেন্যুতে আগে যাব প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহর রহমতে প্রস্তুতি ভালোই হচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »