ব্যাঙ্গালোরে খেলবেন শ্রীলঙ্কান ২ ও সিঙ্গাপুরের ১ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা মহামারির কারনে চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত আসরটি আগামী মাসেই শুরু হতে যাচ্ছে। আসরটি স্থগিত হওয়ায় দ্বিতীয় অংশ থেকে সরে দাঁড়াচ্ছেন একাদিক ক্রিকেটার। এর ফলে সুযোগ আসছে নতুনদের। প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা ও সিঙ্গাপুরের টিম ডেভিড।

চলতি বছরের এপ্রিল মাসে শুরু হয়েছিল আইপিএল আসর। কিন্তু করোনাভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় মে মাসের প্রথম সপ্তাহেই টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় আইপিএল কতৃপক্ষ। কিন্তু স্থগিত আসরটি আগামী সেপ্টেম্বর মাসে আবারও মাঠে গড়াবে। যদিও আসরের বাকি অংশ ভারতে হচ্ছে না। ২০২০ সালের মতো আবার সংযুক্ত আরব আমিরাতে হবে আসরের বাকি অংশ। এই দ্বিতীয় অংশ থেকে সরে দাঁড়াচ্ছেন অনেক ক্রিকেটারই। ফলে বিকল্পের দিকে ছুটতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই অস্ট্রেলিয়ান ও এক কিউই ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, অজি অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস ও কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। জাম্পার বদলে লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গা, স্যামসের বদলে আরেক লঙ্কান ক্রিকেটার চামিরা এবং অ্যালেনের বদলে সিঙ্গাপুর জাতীয় দলের ক্রিকেটার ডেভিডকে দলে নিয়েছে ব্যাঙ্গালোর।

ডেভিড একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার। তার বাবার জন্ম অস্ট্রেলিয়াতে হলেও সিঙ্গাপুরের জাতীয় দলের পক্ষে ক্রিকেট খেলার জন্য তিনি সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন। ডেভিডের জন্ম সিঙ্গাপুরেই। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে এই অলরাউন্ডারের।

২৫ বছর বয়সী ডেভিড বিগ ব্যাশ লিগে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত পার্থ স্কোচার্সে খেলেছেন এবং তারপরে তিনি যোগ দেন হোবার্ট হ্যারিকেনে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি বছরের আসরেই লাহোর কালান্দার্সের পক্ষে খেলেছেন এই ডানহাতি ক্রিকেটার। কালান্দার্সের পক্ষে ৩৬ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংসও আসে তার ব্যাট থেকে।

চলতি বছরই প্রথমবারের মতো সারে কাউন্টি ক্রিকেট ক্লাবে ডাক পান তিনি। এই বছরেই আরেকটি সৌভাগ্য হিসেবে আইপিএলেও দল পেলেন ডেভিড। নেদারল্যান্ডসের এক টুর্নামেন্টে ভালো খেলে কাউন্টি দলের নজর কাড়েন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »