নিউজিল্যান্ড সিরিজে ভালো উইকেটের প্রত্যাশায় সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হোম অফ ক্রিকেট মিরপুরে স্লো আর টার্নিং উইকেট বানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। একই ধরনের উইকেট হতে পারে নিউজিল্যান্ড সিরিজেও। শোনা যাচ্ছে কিউইদের হারাতে অস্ট্রেলিয়ার সিরিজের মতো উইকেট তৈরির পরিকল্পনা করছে বিসিবি। তবে সাকিবের প্রত্যাশা নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো উইকেটে খেলবে বাংলাদেশ।

মিরপুরের উইকেটে অষ্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মতোই ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।রানের জন্য লড়াই করতে হয়েছে ব্যাটসম্যানদের।ক্রিকেট বোদ্ধাদের মাঝে প্রশ্ন উঠেছিল এরকম উইকেটে খেলে টি টোয়েন্টি বিশ্বকাপে কতটা ভালো করবে বাংলাদেশ। দুয়ারে দাড়িয়ে আরও একটি হোম সিরিজ। ভেন্যু সেই শের-ই বাংলা ন্যাশনাল স্টিডিয়াম। নিউজিল্যান্ড সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাত আর ওমানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে এ ধরণের উইকেট পাবে না বাংলাদেশ। সাকিব তাই আশা করছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো উইকেটই পাবে তারা। যদিও এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকাকে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি যেখানেই খেলা হোক, সাধারণত ভালো উইকেটে খেলা হয়। নিউজিল্যান্ডের সঙ্গে ভালো উইকেটে খেলে যেতে পারলে আমাদের জন্য হয়তো ভালো হবে।’

তিনি আরো বলেন, ‘তবে এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা কোন উইকেটে বা কী ধরনের উইকেটে খেলে যেতে চায়। যেটাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। যেহেতু আমাদের দেশে খেলা, তাই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা কোনো তারকাকে রাখা হয়নি। বলতে গেলে দ্বিতীয় সারির একটি দলই পাঠিয়েছে নিউজিল্যান্ড। এ প্রসঙ্গে সাকিব জানালেন, ক্রিকেটার নয় দলের বিপক্ষে ভালো করতে চান তারা।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আসলে ওরা কাকে পাঠাবে-না পাঠাবে, এটা সম্পূর্ণ ওদের ওপরে নির্ভর করে। আমাদের খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে। আমাদের ভালো করতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে, কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »