নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে আফগানিস্তানে অস্থিরতা বিরাজ করলেও দেশটির ক্রিকেটে এর কোন প্রভাব পড়ছে না। তাইতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা। তবে এবার সব শঙ্কা উড়িয়ে দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, নির্ধারিত সময়েই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তারা।
গেল মঙ্গলবার (১৭ আগস্ট) এক অফিসিয়াল বিবৃতিতে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। সরকারের পরিবর্তন হলেও আফগানিস্তান ক্রিকেটে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এসিবির প্রধান নির্বাহী (সিইও) হামিদ সিনওয়ারি।
তিনি বলেন,’‘তালেবানরা ক্রিকেট ভালোবাসে, সেই সঙ্গে তারা আফগানিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ নির্ধারিত সূচি অনুযায়ীই মাঠে গড়াবে। দেশের বর্তমান পরিস্থিতিতে দুই দিন দলের অনুশীলন ক্যাম্প হয়নি। খুব শ্রীঘ্রই জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প করা হবে।’’
সম্প্রতি রাজধানী কাবুল নিয়েজের আয়ত্বে নিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। এরপর অনিশ্চয়তায় পড়ে যায় দেশটির ক্রিকেট। যদিও তালেবানদের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রিকেটের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের।
