বিশ্বকাপ জয় করে পাকিস্তানের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনতে চাইঃ বাবর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আজকেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে এই ফরম্যাটে বিশ্বকাপ জয়ের পর অনেকদিনই এই ফরম্যাটের শীর্ষ দল ছিল পাকিস্তান।

যদিও শেষ কয়েক বছরে এই ফরম্যাটে দলের পারফরম্যান্স তেমন সুবিধাজনক নয়। তবে বর্তমান পাকিস্তান অধিনায়ক বাবর আজম চান এবারের বিশ্বকাপ জিতে ফের টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্ব দখল করতে চান।

এ বিষয়ে বাবর বলেন,”দলের প্রত্যেক ক্রিকেটার রোমাঞ্চিত এবং অনুপ্রেরিত। এই টুর্নামেন্ট আমাদের উন্নতি প্রদর্শনের সুযোগ, আমাদের সবচেয়ে সুবিধাজনক কন্ডিশনে এই ফরম্যাটের শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ। বিশ্বকাপের সূচি ঘোষণা আমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।’’

বিশ্বকাপের আগে যে সিরিজগুলো আছে তাতে নিজেদের প্রস্তুতিতে শেষ কামড় দিতে চায় পাকিস্তান। বাবর বলেন,”নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে আমরা নিজেদের প্রস্তুত করার কাজ এগিয়ে নিব, যেখানে শুধু আমাদের আমাদের প্রস্তুতির শেষ আঁচড়ই নয়, একইসাথে যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই।’’

পাকিস্তানের সবগুলো ম্যাচ আরব আমিরাতেই মাঠে গড়াবে, যে দেশের ভেন্যুগুলো দীর্ঘ সময় পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে। বাবরের তাই মনে হচ্ছে, বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে তার ‘ঘরের মাঠে’। তিনি বলেন,”এক দশকেরও বেশি সময় ধরে আরব আমিরাত আমাদের হোম ভেন্যু ছিল। তাই বিশ্বকাপ আমাদের ঘরের আসরের মত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »