নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশীয় কন্ডিশনে মুস্তাফিজুর রহমানকে বিশ্ব সেরা বোলার হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অস্ট্রেলিয়া সিরিজে মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স তাই খুব একটা অবিশ্বাস্য ঠেকেনি দেশ সেরা এই পেসারের কাছে।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়ে ক্রিকেট বিশ্ব মাতিয়ে তোলেন মুস্তাফিজ। পরে ডাক পান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কাউন্টিসহ নানা বিদেশি লিগে। ধীরে ধীরে মুস্তাফিজের কাটারের ধার যেন কমে গিয়েছিল। অনেকেই মনে করছিলেন- মুস্তাফিজের অবিশ্বাস্য ও বৈচিত্র্যময় বোলিং আর ফিরে আসবে না।
বাংলাদেশের মত স্পিন নির্ভর দেশ থেকে পেস বোলিংয়ে এমন বৈচিত্র্যময় কারও উত্থান স্বভাবতই হইচই ফেলে দেওয়ার মত। যদিও, মুস্তাফিজ হারিয়ে যাননি। বরং আগের চেয়েও বেশি ধারাল বোলিং নিয়ে বিগত কয়েক মাস বোলিং করছেন তিনি। আইপিএলের পর মুস্তাফিজের সেই ধার দেখেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সিরিজে মুস্তাফিজ ছিলেন অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জানিয়েছিলেন, মুস্তাফিজকে মোকাবেলা করার কোনো উপায়ই খুঁজে পাচ্ছেন না তারা। ডমিঙ্গো তো জানিয়েই দিলেন, বৃষ্টি আকাশে রেখে মিরপুরের এমন স্লো ও লো উইকেটের কন্ডিশনে মুস্তাফিজ বর্তমান বিশ্বের সেরা বোলার।
ডমিঙ্গো আরও বলেন, ‘মুস্তাফিজের এমন বোলিংয়ের পেছনে আছে সেই কন্ডিশন। এই কন্ডিশনে মুস্তাফিজ বিশ্বের সেরা বোলার। এই কন্ডিশনে তার বল ব্যাটসম্যানরা খেলতে পারে না। সে বিচিত্র অ্যাকশনে এখানে বল করে।’
মুস্তাফিজ ফর্মে ফেরায় স্বভাবতই স্বস্তিতে কোচ। তিনি বলেন, ‘তাকে ফর্মে ফিরতে দেখতে অনেক ভালো লাগছে।’
