সিরিজ না জেতার কারণ দেখছি না : পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের কন্ডিশনে একছত্র অধিপত্যে দেখাচ্ছে সাকিব-মুস্তাফিজরা। এমন কঠিন কন্ডিশন দেশের বাইরে দ্বিতীয়টি দেখেনি অস্ট্রেলিয়া, সেটিও মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

সবকিছুই বাংলাদেশের অনুকূলে। এখন এমন পরিস্থিতিতে অজিদের বিপক্ষে সিরিজ না জেতার কারণ দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে অস্ট্রেলিয়া বিশ্বমানের দল। তাদের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে। তবে বাংলাদেশ যেভাবে খেলছে এভাবে খেললে সিরিজ না জেতার কারণ দেখেন না বোর্ড সভাপতি।

গণমাধ্যমে পাপন বলেন, “বলা মুশকিল (বাংলাদেশ সিরিজ জিতবে কিনা), অস্ট্রেলিয়া অত্যন্ত প্রফেশনাল একটি দল। ওরা শেষ পর্যন্ত লড়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা যেভাবে খেলে আসছি এবং সর্বোচ্চটা দিয়ে যদি খেলতে পারি, অবশ্যই আমি মনে করি সিরিজ না জেতার আর কোনো কারণ নেই।”

তবে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে হিতে বিপরীত হতে পারে বলেও মত দিয়েছেন পাপন।

তিনি আরো বলেন, “কিন্তু একবারও যদি আমাদের মনে হয়, দুটো তো জিতছি বাকিগুলোও তো জিতব, এ ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে জেতা যাবে না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সিরিয়াস থাকতে হবে।”

সিরিজের তৃতীয় ম্যাচে অজিদের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »