নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ থেকে মাঠে গড়াবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট ম্যাচ। এই সিরিজে ব্যাটিং ও বোলিং ইউনিটে দুর্দান্ত দল হওয়ায় ভারতের দারুণ সম্ভাবনা দেখছেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি ভাবছেন এই সিরিজটি অন্তত ৪-০ ব্যবধানে জিতে নেবে ভারত।
এমন দাবির পেছনে চমকপ্রদ এক যুক্তি দেখিয়েছেন গাভাস্কার। চোট ও অনির্দিষ্টকালের বিরতিতে থাকায় ইংল্যান্ড দলে নেই দেশটির গুরুত্বপূর্ণ দুই সদস্য জফরা আর্চার ও বেন স্টোকস। তাই ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জিতে ফেরার প্রবল সম্ভাবনা দেখছেন ৭১ বছর বয়সী গাভাস্কার।
দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাতকারে গাভাস্কার বলেন,’‘আমার ভবিষ্যদ্বাণী এইবার আমি আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করছি। গত ১০ দিন আগে যদি ফিরে যাই, ইংল্যান্ডের আবহাওয়া বেশ উষ্ঞ ছিল। সে সময় অনেক গরম ছিল। তবে এখন কিছুটা বৃষ্টি হচ্ছে। তবে আরো ২২-২৫ দিন যদি সেখানে গরম অব্যাহত থাকে, তাহলে আমার মনে হয় ভারত অন্তত ৪-০ ব্যবধানে সিরিজ জিতবে।’’
আজ বুধবার (৪ আগস্ট) নটিংহ্যামে প্রথম টেস্টে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে ভারত। আগামী ১২ আগস্ট লর্ডসে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর যথাক্রমে ২৫ আগস্ট, ২ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি ম্যাচগুলো খেলবে দল দুটি।
