অলরাউন্ডার হয়েই দলে ফিরতে চান সোহেল তানভীর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একটা সময় পাকিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সোহেল তানভীর। অদ্ভুত বোলিং অ্যাকশনে নামিদামি সব ব্যাটসম্যানকে নাকানিচুবানি দিয়েছেন। তবে হুট করেই যেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান তিনি।

তবে এবার আর শুধু পেসার নয়, অলরাউন্ডার হয়েই পাকিস্তান জাতীয় দলে ফিরতে চান তানভীর। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দাপট দেখিয়ে অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তোলার ইচ্ছে জেগেছে তার। পিএসএলে সাত নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ঝড়ো ইনিংস। তানভীর মনে করেন, জাতীয় দলেও এই ভূমিকা পালন করতে পারবেন তিনি।

তানভীর বলেন,’‘অনেক দিন পর সদ্য শেষ হওয়া পিএসএলে আমি ৭ নম্বরে ব্যাট করার দায়িত্ব পেয়েছিলাম। এর আগে আমি সাধারণত ৮ ও ৯ নম্বরে ব্যাট করার সুযোগ পেতাম। যেখানে গড়ে ৪-৬ বলের বেশি খেলতে পেতাম না। কিন্তু ৭ নম্বরে আমি বেশ কিছুটা বেশি সময় পেতাম পিএসএলে।’’

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পারফরম্যান্স সন্তোষজনক নয়। তানভীরের মতে, পাকিস্তান দলে এখন একজন অলরাউন্ডারের চাহিদা রয়েছে। সেই চাহিদা তিনি পূরণ করতে চান।

তিনি বলেন,”আমি মনে করি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে এখনও অলরাউন্ডারের একটি স্পট খালি আছে এবং সেই জায়গাটায় আমি ফের সুযোগ পেতে পারি বলে মনে করি এবং সেই লক্ষ্যেই লড়াইটা চালাচ্ছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »