সৌম্যকে কার্যকরী অলরাউন্ডার মনে করেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। দলের জয়ে ব্যাট বল হাতে দারুন ভূমিকা রেখেছেন সৌম্য। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে, সৌম্য খুবই প্রতিভাবান একজন অলরাউন্ডার।

সিরিজের প্রথম ম্যাচে ৪৫ বলে ৫০ রান করেছিলেন দুর্ভাগ্যবশত রান আউট হয়েছিলেন সৌম্য। সেই ম্যাচে বল হাতে একটি উইকেটও তুলে নেন তিনি। তৃতীয় ম্যাচে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতে আবারও অর্ধশতক হাঁকান। খেলেন ৪৯ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস। যা দলের জয়ে বড় অবদান রাখে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ১২৬ রান করেছেন বামহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। যা বাংলাদেশের পক্ষে এই সিরিজে সর্বোচ্চ এবং সবমিলিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান। বল হাতেও শিকার করেছেন মোট তিনটি উইকেট। অলরাউন্ড পারফর্মের পারদর্শীতা দেখিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন সৌম্য।

ম্যাচ শেষে অধিনায়ক রিয়াদের প্রশংসায় ভাসছেন তিনি। সৌম্যকে কার্যকরী অলরাউন্ডার উল্লেখ করে রিয়াদ বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় সৌম্য একজন খুবই কার্যকরী অলরাউন্ডার। আমি যখন তাকে বোলিংয়ে আনলাম, তখন সে দুইটি উইকেট শিকার করেছে এবং রান আটকানোর চেষ্টা করেছে। যখন দলের প্রয়োজন ছিল তার ব্যাট থেকে রান, তখন সে ব্যাট হাতেও দাঁড়িয়ে গেছে এবং দারুণ ব্যাটিং করেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »