নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আপত্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের (বিসিবি) কর্মকর্তা শ্রীনিবাস চন্দ্রশেখরন। তার চেয়েও বেশি ক্ষুব্ধ অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনার ও বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় মুখ রিচার্ড স্টনিয়ার।
জিম্বাবুয়ে সফরে থাকাকালীন সময়েই মুশফিকুর রহিমের বাবা-মা করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেন তিনি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে শর্ত দিয়েছিল, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে পা রাখার অন্তত ১০ দিন আগে সফররত সবাইকে জৈব সুরক্ষার নিয়ন্ত্রণে থাকতে হবে।
নির্ধারিত সময়ের ২-৩ দিন পর মুশফিক কোয়ারেন্টিন শুরু করতে প্রস্তুত ছিলেন। তবে অজিদের হেলথ প্রটোকল টিম মুশফিককে জৈব সুরক্ষা বলয়ে থাকার অনুমোদন দেয়নি। এ নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।তাই এই ইস্যুতে মুখ খুলেছেন শ্রীনিবাস ও স্টনিয়ার। দুইজনই ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীনিবাস লিখেছেন, ‘মুশফিককে খেলতে না দেওয়া মোটেও উচিৎ হচ্ছে না! আমি ভেবেছিলাম ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও পরিবারকে গুরুত্ব দেয়। ওহ, দুঃখিত, তা বোধহয় শুধু তাদের খেলোয়াড়দের ক্ষেত্রেই।’
তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্টনিয়ারও। বাংলাদেশে এসে অজিরা মাত্র ৩ দিন কোয়ারেন্টিন পালন করবে, যদিও বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে সরকারি নিয়ম ১৪ দিনের কোয়ারেন্টিন।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশের জন্যই তোমাদের এই নিয়ম? বাংলাদেশে কোয়ারেন্টিনের নিয়ম মেনে অজিরা কোয়ারেন্টিন করবে তো? নাকি রেহাই পেয়ে যাচ্ছে? তোমাদের যদি শিথিল হতে পারে, সেটা মুশফিকের ক্ষেত্রেও হোক। সিরিজ আয়োজন করছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া নয়।’
নিজের টুইটার পোস্টে এক প্রশ্নের জবাবে স্টনিয়ার আরও লিখেছেন, ‘তাদের কোনো চাহিদা পূরণ করা উচিৎ নয়। (টাকার ইমুজি যুক্ত করে) যদি বিপিএল হত তারা সুড়সুড় করে আসত।’
