শামীমের সাথে অনেকদিন জাতীয় দলে খেলবো- শরিফুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অনূর্দ্ধ-১৯ দল থেকেই দু’জনের বন্ধুত্ব। একসাথে খেলেছেন অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ। এবার একসাথেই আবার দেখা হলো জাতীয় দলে। বলছিলাম পেসার শরিফুল ইসলাম ও সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত শামীম হোসেন পাটোয়ারীর কথা। প্রথম ম্যাচে ১৩ বলে ২৯ রানের দারুণ এক ইনিংস খেলে সবার নজর কেড়েছেন এই হার্ড হিটার। শরিফুল জানিয়েছেন এখন তাদের লক্ষ্য এক সঙ্গে জাতীয় দলকে লম্বা সময় প্রতিনিধিত্ব করা।

এক ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘শামীমের অভিষেক নিয়ে যদি বলি। আমি তার সঙ্গে দুই বছর ধরে খেলছি। সে খুব ভালো ফিল্ডার। পাওয়ার হিটার, ভালো ব্যাটসম্যান। আমরা দুজনে চাইবো জাতীয় দলে অনেকদিন খেলার জন্য। যাতে বাংলাদেশ দলকে কিছু দিতে পারি।’

সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে আগামিকাল মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই ম্যাচে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিতে চান শরিফুল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের উজার করে দিয়ে জয় পেতে চাইছেন তারা।

শরিফুলের ভাষ্য, ‘কালকে আমাদের একটা ফাইনাল ম্যাচ। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে তাহলে আমার মনে হয় জয়টা সহজ হবে। আমরা ইতিবাচক থাকবো প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত। দেখা যাক খেলা শেষে কি হয়। আমরা জেতার মনোভাব নিয়েই নামবো।’

এর আগে সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে হেরেছে বাংলাদেশ। যার ফলে আগামিকালের ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »