দুই সিনিয়র না থাকায় অন্যদের সুযোগ দেখছেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরির কারণে তামিম ইকবাল ও পারিবারিক সমস্যার কারণে খেলছেন না মুশফিকুর রহিম। তাঁদের মতো অভিজ্ঞ দুজন ক্রিকেটার না থাকায় টি-টোয়েন্টি সিরিজে অন্যদের সুযোগ দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পারিবারিক কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে আসেন মুশফিক। এদিকে হাঁটুর ইনজুরিতে ৮-১০ সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে তামিমকে। যে কারণে ওয়ানডেতে খেললেও টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না তাঁকে। তাঁদের দুজনকে মিস করবেন বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ।

এক ভিডিও বার্তায় এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন,”আমার মনে হয় যে প্রতিটি টি-টোয়েন্টি খেলাই চ্যালেঞ্জিং। কারণ ফেবারিট দল বলতে আমার কাছে মনে হয় এই ফরম্যাটে বলাটা খুব কঠিন। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলে তাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা অবশ্যই তামিম এবং মুশফিককে মিস করব।’’

বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন,’‘তারা অবশ্যই আমাদের দলের অনবদ্য দুজন খেলোয়াড়। তারপরও বলবো যে অন্যদের এবং আমাদের সবার জন্যই এটা সুযোগ। প্রতিটি ম্যাচে বাংলাদেশের হয়ে জেতার জন্য। আর জিম্বাবুয়ের কন্ডিশনে তারা খুবই ভালো একটা দল। আমাদেরকে ভালো ক্রিকেট খেলেই ওদেরকে হারাতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »