নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৭ বা ২৮ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবেন অস্ট্রেলিয়া দল। বিষয়টি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি জানান, “বিসিবি সফরের চূড়ান্ত পরিকল্পনা ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) পাঠিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী ২-১ দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে। আগামী ২৭ অথবা ২৮ জুলাই অস্ট্রেলিয়া জাতীয় দল বাংলাদেশ সফরে আসবে।”
সিরিজটি নিয়ে অস্ট্রেলিয়ার কড়াকড়ি কিছু দাবি দাওয়া নিয়ে ছিল জটিলতা। আপাতত বিসিবি সেগুলো মেনে নিয়েছে। ইতোমধ্যে সিরিজের দিনক্ষণ চুড়ান্ত করে রেখেছে বিসিবি। অস্ট্রেলিয়ার সবুজ সংকেত পেলেই তা প্রকাশ করা হবে।
ওয়েস্ট ইন্ডিজের বায়ো বাবল থেকে ভাড়া করা বিমানে একবারে তারা বাংলাদেশের বায়ো ববলে প্রবেশ করবেন। যার ফলে অতিরিক্ত সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না তাদের। করোনাভাইরাস এড়াতে সতর্কতার অংশ হিসেবে মাত্র দুই দিনের জন্য কোয়ারেন্টাইন রাখা হয়েছে অ্যারন ফিঞ্চদের।
দুইদিনের কোয়ারেন্টাইনে থেকে ৩০ বা ৩১ জুলাই মিরপুরে অনুশীলন করবে অস্ট্রেলিয়া। ২ বা ৩ আগষ্ট থেকে শুরু হতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। সবগুলা ম্যাচে হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়ার স্কোয়াড :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপ, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
