নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রান করার পরের চার ইনিংসে যেন রান খরা চলছিল শান্তর ব্যাটে। তবে চলতি হারারে টেস্টে শান্ত সেই রান খরা কাটালেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকিয়ে।
ক্যান্ডিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পরবর্তী দুই ইনিংসে ‘ডাক’ বা শূন্য, এরপর ২৬ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পরের ইনিংসে (চলমান হারারে টেস্টেই) মাত্র ২ করেন।
তবে হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। মাত্র ১১৮ বল মোকাবেলা করে গড়া ইনিংসে চার ছিল ৬টি, ছক্কা ৫টি। দারুণ ব্যাটিং উপহার দেওয়া শান্ত জানালেন, আগের চার ইনিংসে ফর্ম হারানোর বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন তিনি।
শান্ত বলেন,”আমি সবসময় বর্তমানে থাকার চেষ্টা করি। আগের চার ইনিংস খারাপ হয়েছে, ক্রিকেট খেলায় এমন হতেই পারে। কিন্তু অবশ্যই আমার চেষ্টা থাকে ধারাবাহিকভাবে রান করার।’’
বর্তমান নিয়ে এগিয়ে যেতে চান শান্ত তাই অতীত নিয়ে খুব বেশি ভাবতে চান না কখনও। তিনি বলেন,”অতীত নিয়ে খুব বেশি চিন্তা করি না। আজকের ব্যাটিং নিয়েই চিন্তা করেছি। আজকের পরিস্থিতিই এমন ছিল যে দ্রুত খেলতে পারলে জেতার জন্য সময় বেশি পাব। এজন্যই পরিকল্পনাই ছিল পজিটিভ ব্যাটিং করার।”
