ধৈর্যের পরীক্ষা দিয়ে দলের পরাজয় ঠেকালেন আমলা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের বিপক্ষে ৬ ঘন্টা ব্যাটিল এবং ২৭৮ বল মোকাবেলা করে নিজ দল সারের পরাজয় এড়ালেন সাউথ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান হাসিম আমলা।আন্তর্জাতিক ক্রিকেটে এরকম অসংখ্য ইনিংস খেলেছেন হাশিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো হাশিম আমলা দাপটের সাথে খেলে চলেছেন কাউন্টিতে। সেখানে দৃঢ়তা ও ধৈর্যশীলতার পরিচয় দিয়ে সারের নিশ্চিত হার ঠেকিয়ে আরও একবার আলোচনায় আসলেন এই প্রোটিয়া তারকা।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের গ্রুপ-২ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল হ্যাম্পশায়ার ও সারে। প্রথম ইনিংসে হ্যাম্পশায়ারের ৪৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানে অলআউট হয় সারে। ৪১৬ রানের বিশাল লিড পাওয়া হ্যাম্পশায়ার ফলো অনে পাঠায় সারেকে। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান জড়ো করেছিল সারে।

তখন সারের সামনে ইনিংস ব্যবধানে হার ছিল সময়ের ব্যাপার। অপরদিকে ইনিংস ব্যাবধানে জয়ের স্বপ্ন দেখেছিল হ্যাম্পাশায়ার।তাদের স্বপ্ন যাত্রার বাঁধা হয়ে দাঁড়ান হাশিম আমলা।নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে চতুর্থ ও শেষ দিনের শুরু থেকে ব্যাটিং করতে থাকেন আমলা। চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন উইকেটে। দলের পরাজয় ঠেকানোর লক্ষ্যে রানের পিছুও ছুটেননি।

শেষপর্যন্ত একাই ২৭৮ বল মোকাবেলা করে হার ঠেকিয়ে ফেলেন আমলা। ৩৮১ মিনিট বা ৬ ঘণ্টা ক্রিজে থেকেছেন আমলা। ব্যাট হাতে ৫ চারে করেছেন মাত্র ৩৭* রান। যে ইনিংসের মাহাত্ম্য রানের বিচারে যাচাই করা অসম্ভব।

আমলার এই ‘দেয়াল’ গড়া ইনিংসে পরাজয়ের হাত থেকে বেঁচে যায় সারে। ১০২.২ ওভার বল করেও হ্যাম্পশায়ারের বোলাররা আমলাকে সাজঘরে ফেরাতে পারেননি। আমলা দৃঢ়তা দেখানোয় অন্য প্রান্তের ব্যাটসম্যানরা যাওয়া-আসায় মত্ত থাকলেও সবকটি উইকেট হারাতে হয়নি। ১০৪.৫ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২২ রান দাঁড়ায় সারের সংগ্রহ।

তখনও ২৯৪ রানে পিছিয়ে ছিল সারে। নিশ্চিত পরাজয় থেকে দলকে বাঁচালেন আমলা। পুরো ম্যাচের আলো কেড়ে নিয়ে ভক্তকুলের আক্ষেপ বাড়ালেন আরও একবার। কেননা আর কটা দিন জাতীয় দলের জার্সি গায়ে সবুজ গালিচায় থাকতে পারতেন আমল।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »