নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারে টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। তবে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছিল মুশফিকুর রহিমকে। দিনশেষে এ নিয়ে কথা বলেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
গতকাল দলীয় ১০৬ ও ব্যক্তিগত ১১ রানে মুশফিক এলবিডব্লিউ হন ব্লেসিং মুজারাবানির বলে। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, মুজারাবানির গুড লেন্থের ডেলিভারি মুশফিকের পায়ে লাগলেও উইকেটে আঘাত করার মত ছিল না। যে কারণে স্বাভাবিক দৃষ্টিতেও মনে হচ্ছিল, বলটি স্ট্যাম্পের ওপর দিয়ে যেত। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্ট্যাম্প ভাঙার উচ্চতায় ছিল না।
ম্যাচ শেষে এ নিয়ে আলাপকালে ব্যাটিং কোচ বলেন,’‘পার্টনারশিপের পর মুশফিকের উইকেট একটু বেকায়দায় ফেলে দেয়। তখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় ছিল। আমাদের অনেকেই ভাবছিলাম বলটা স্ট্যাম্পের ওপর দিয়ে যাবে। এলবিডব্লিউ ক্লোজ কল ছিল। তার পক্ষেই সিদ্ধান্ত আসতে পারত। আজকের দিনের আলোচিত সিদ্ধান্ত এটা। এরপর আরেক উইকেট হারিয়ে ফেলি।’’
টাইগারদের ম্যাচে প্রত্যাবর্তনের দুই মুহূর্তও তুলে ধরেছেন তিনি দিনশেষে।
প্রিন্স বলেন,”আমরা ভালো লড়াই করেছি। শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলা বড় ধাক্কা ছিল। তবে লিটন মাহমুদউল্লাহর দুর্দান্ত পার্টনারশিপ ম্যাচে ফিরিয়েছে। ৮ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর এবং ১৩০ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর এই দুই সময়ে আমরা দারুণ লড়াই করেছি।”
