শক্তিশালী টেস্ট দল গঠনে নির্বাচকদের ভিন্ন পরিকল্পনা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাদা পোশাকে দুই যুগ ক্রিকেট খেললেও নেই কোনো অর্জন। দেশের মাটিতে স্পিন উইকেট বানিয়ে দুই এক ম্যাচে জয় পেলেও দেশের বাইরে একদমই বেহাল অবস্থা। রঙিন পোশাকে দলের উন্নতি হলেও টেস্টে দেখতে পায়নি আলোর রেখা। তবে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন শক্তিশালী দল গঠনে তাদের নির্বাচক প্যানেল পরিকল্পনা সাজাচ্ছে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেন আগামী দুই এক বছরের মাঝে ভালো অবস্থানে যায় সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিকট নতুন এক পরিকল্পনা জমা দিচ্ছে যাচ্ছেন নির্বাচকরা। বাংলাদেশ ক্রিকেটে খেলোয়াড়ি জীবন থেকে বোর্ড সব ক্ষেত্রেই টাইগারদের বেশ কাছ থেকে দেখছেন নান্নু। তিনি চান সাদা পোশাকেও বাংলাদেশ উন্নতি করুক।

পরিকল্পনার পুরোটা প্রকাশনা করলেও যতটুক বলেছেন তাতে জানা যায় অনূর্ধ্ব-২৩ দলকে বাধ্যতামূলক ভাবে টেস্ট খেলতে হবে (বিভাগীয় পর্যায়ে)। এভাবেই টেস্ট ক্রিকেটের ভিত্তি শক্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমরা লঙ্গার ভার্সন নিয়ে একটা চিন্তা-ভাবনা, পরিকল্পনা করেছি। এই সেপ্টেম্বর থেকে… কোভিডটা যদি একটু স্বাভাবিক হয় তাহলে আগামী সিজন থেকে ভালো একটা শুরু করতে চাই। লঙ্গার ভার্সনটাকে এমনভাবে সাজাতে চাই যেটা আগামী দুই বছরের মধ্যে টেস্টটা ভালো অবস্থানে যাবে। আমাদের নির্বাচক প্যানেল থেকে এতদিনের অভিজ্ঞতা নিয়ে প্রস্তাব দিয়েছি। ওভাবে আগাতে পারলে, রেড বল ক্রিকেটটাকে ভালো অবস্থানে নিতে পারব।’

তিনি আরও বলেন, ‘এটা আমরা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে বোর্ডে জমা দেবো। সবকিছু মিলিয়ে ডিভিশনের দলগুলোকে যাতে বাধ্যতামূলক অনূর্ধ্ব-২৩…ঘরের মাঠে যদি আমি একটা ম্যাচ খেলি…অনেকগুলো খেলোয়াড় এই লঙ্গার ভার্সনে যুক্ত হবে। এটা হলে লাল বলের ক্রিকেটের ভিত্তি অনেক শক্ত হবে।’

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্ট ড্র ছাড়া ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের খর্বশক্তির দলের সাথে সিরিজ হার। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে দেশের লঙ্গার ভার্সনের উন্নতি করার বিকল্প দেখছেন না নান্নু। সেই সঙ্গে বাংলাদেশের এই প্রধান নির্বাচক জানিয়েছেন, নিজেদেরকে সবদিক দিয়েই প্রতিষ্ঠিত করতে হবে এবং বেশি সংখ্যক ক্রিকেটার তৈরি করতে হবে।

নান্নু বলেন, ‘আপনি যেকোনো দেশের লঙ্গার ভার্সন ক্রিকেটের ফরম্যাটে যদি শক্তিশালী না হয় তাহলে তো আপনি চ্যাম্পিয়নশিপে যেতে পারবেন না। আপনার বেশি সংখ্যক ক্রিকেটার থাকতে হবে…। সবদিক দিয়ে প্রতিষ্ঠিত হতে হবে। এই জায়গায় আমাদের আরেকটু নজর দিতে হবে। এটাকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারলে বাকি ফরম্যাটগুলোও ভালো হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »