আইপিএলের বাকি অংশে দেখা যাবে অজি ক্রিকেটারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অজিদের ঘোষিত দলে নেই স্টিভ স্মিথ, ওয়ার্নার সহ সাত তারকা ক্রিকেটার। মূলত জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে উঠায় বা কেউ কেউ পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে দল থেকে নিজেদের নাম সরিয়ে রেখেছেন। যার ফলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দেখা যাবে না এই তারকা ক্রিকেটারদের।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে তাদের কোনো বাঁধা দিবে না ক্রিকেট অস্ট্রেলিয়া এমন গুঞ্জনও রয়েছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ‘আইপিএলের বাকি অংশে অস্ট্রেলিয়ার সিংহভাগ ক্রিকেটারকেই পাওয়া যাবে। তবে অনেক আগেই আইপিএল না খেলার কথা জানানো প্যাট কামিন্স খেলবেন না টুর্নামেন্টের দ্বিতীয় অংশে।’

করোনার প্রকোপে মাঝপথেই স্থগিত হওয়া আইপিএলের এবারের আসরের বাকি অংশ শুরু হবে ১৮ই সেপ্টেম্বর। এবং শেষ হবে ১৫ই অক্টোবর। আইপিএলের এবারের আসরে ২০ অজি ক্রিকেটার খেললেও এদের মধ্যে ১১ জনই নেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তবে জোরালো সম্ভাবনা রয়েছে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররা আইপিএলের বাকি অংশে খেলবেন।

ব্যক্তিগত কারণে প্যাট কামিন্স না থাকলেও বাকি ক্রিকেটারদের দেখা যাবে আইপিএলের বাকি অংশে। এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ একই ভেন্যুতে হওয়ায় আইপিএলে অংশগ্রহণ ইতিবাচক হিসেবেই দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। করোনাভাইরাসের কারণে গত ৪ মে ২৯টি ম্যাচ হওয়ার পর স্থগিত করে দেয়া হয় আইপিএলের ১৪তম আসরের খেলা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »