নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফর থেকে ফিরার আগেই বাংলাদেশে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শক্তিশালী ফল নিয়েই আসবে অজিরা।
বাংলাদেশ সফরে আসতে অবশ্য বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই শর্তগুলোর মধ্যে প্রধান একটি শর্ত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটি হলো সিরিজের সবগুলো ম্যাচই হবে এক বা অভিন্ন ভেন্যুতে। আর করোনা ভাইরাসের কথা মাথায় রেখে বিসিবির জন্য এটি অবশ্যই সহজ একটি সিদ্ধান্ত হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে সম্ভাব্য ২৯ জুলাইতে। এরপর ২রা আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত খেলা হবে সিরিজের পাঁচ টি-টোয়েন্টি। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে, চূড়ান্ত করে দিব। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব। একটাই ভেন্যু- মিরপুর।’
অপরদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যেই হোটেলে থাকবে সেখানে অন্য কোনো অতিথি থাকবে না। এ ব্যাপারটিও প্রায় চূড়ান্ত বলে জানান আকরাম খান। করোনার ভয়াবহ প্রকোপ মাথায় রেখে এই শর্ত দিয়েছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট।
সেই বিষয়টিও চূড়ান্ত হওয়ার পথে বলে জানান আকরাম। তিনি বলেন, ‘আমরা কাজ করছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবকিছু চূড়ান্ত। ওরা যা যা চাচ্ছে আমরা করার চেষ্টা করছি। প্রায় সবকিছুই চূড়ান্ত, ৯০-৯৫ ভাগ হয়ে গেছে। ইনশাআল্লাহ ধরে নিতে পারি, ভবিষ্যতে খারাপ কিছু না হলে ওরা আসবে।’
