নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে জয়ের হিসেব করলে দেখা যায় ভারতের সবচেয়ে সফলতম টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সাদা পোশাকের ক্রিকেটে ৩৩ জয় নিয়ে সম্প্রতি ধোনিকেও ছাড়িয়ে গিয়েছেন কোহলি। নিজেকে সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ভারতকেও বানিয়েছেন অপ্রতিরোধ্য।
এত কিছুর মাঝেও অপ্রাপ্তি থেকে গিয়েছে কোহলির। ক্রিকেটার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও ভারতের হয়ে এখনো পর্যন্ত কোন শিরোপা জিততে পারেননি কোহলি। এমনকি আইপিএলে বেঙ্গালুরুর হয়েও শিরোপার স্বাদ পায়নি কোহলি। তাই সম্প্রতি কোহলিকে ইঙ্গিত করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট জানিয়েছেন, সে ভালো ক্রিকেটার হলেও শিরোপা জিততে না পারলে তাঁকে কেউই মনে রাখবে না।
তার মতে শিরোপা না জিতলে ভালো ক্রিকেটারকেও মানুষ বেশিদিন মনে রাখে না। সেই সঙ্গে কোহলির অধিনায়কত্বে বেশ কিছু ঘাটতিও দেখছেন তিনি।
এ প্রসঙ্গে বাট বলেন,”আপনি ভালো অধিনায়ক হতে পারেন কিন্তু আপনি যদি কোন শিরোপা না জিতেন তাহলে আপনাকে মানুষ মনে রাখবে না। আপনি ভালো অধিনায়ক হতে পারেন এবং আপনার পরিকল্পনাও ভালো হতে পারে কিন্তু বোলাররা সেটা কার্যকর করতে পারলো না। আপনার দলটি ভালো হওয়ার পরও সেটি ভাগ্যের ওপর নির্ভর করে। যারা টুর্নামেন্ট জেতে মানুষ তাদেরই কেবল মনে রাখে।’’
তিনি আরও বলেন,”অনেক সময় আপনি ভালো অধিনায়ক নাও হতে পারেন কিন্তু আপনার দল ভালো করতে পারে এবং বড় কোন শিরোপা জিততে পারে। এটা কখনই কোন অধিনায়ককে সংজ্ঞায়িত করতে পারে না। কিন্তু অবশ্যই বিশ্বের দিক থেকে যে বড় কোন টুর্নামেন্ট জেতে সে ভালো অধিনায়ক।”
