নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যেখানে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ভারতের এমন হারের পর তাদের একাদশ নিয়েও প্রশ্ন উঠেছে। দেশটির অনেক সাবেক ক্রিকেটারই মনে করছেন ভারত পরিস্থিতি বুঝে একাদশ সাজাতে পারেনি।
ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার সরাসরি প্রশ্ন তুলেছেন রবীন্দ্র জাদেজাকে নিয়ে। এই অলরাউন্ডারের বাঁহাতি স্পিন কোনো কাজেই আসেনি ম্যাচে মনে করেন তিনি।
সম্প্রতি এক আলাপচারিতায় মাঞ্জরেকার বলেন,”দুইজন স্পিনার নিয়ে খেলতে নামা সত্যিই খুব বড় প্রশ্ন তুলে দেয় ভারতীয় দল নির্বাচন নিয়ে। বৃষ্টির জন্য টস পিছিয়ে যায়, সেই অবস্থাতেও দুই স্পিনার নিয়ে খেলতে নামে ভারত। ব্যাটিংয়ের জন্য জাদেজাকে নেওয়া হয়েছিল, ওর বাঁহাতি বোলিংয়ের জন্য নয়। এটার আমি সব সময় বিরোধী।”
বৃষ্টির কারণে টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের দুইদিনের খেলা মাঠেই গড়াতে পারেনি। এমন পরিস্থিতিতে হনুমা বিহারিকে দলে নিলে ভালো হতো বলে মনে করেন মাঞ্জরেকার।
তিনি বলেন,”পিচ শুকনো, বল স্পিন করবে মনে হচ্ছে, এমন অবস্থায় অবশ্যই জাদেজাকে দলে নেয়া উচিত। কিন্তু ব্যাটসম্যান হিসেবে তাকে নেয়ার কোনো মানে নেই। দলে হনুমা রয়েছে। তার রক্ষণ যথেষ্ট ভালো। কে বলতে পারে হয়তো দ্বিতীয় ইনিংসে ভারতের রান ১৭০ এর বদলে ২৩০ হয়ে যেত।”
