২০২৩ বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য যাব- তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শিরোপা জয়ের জন্যই খেলতে যাবে টাইগাররা।

২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। যে কারণে দেশটির উইকেট, কন্ডিশন প্রভৃতি সবকিছুই চেনা তামিমদের কাছে। এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের পরিসংখ্যান, সামর্থ্য আর অভিজ্ঞতাও বাড়তি সাহস দিচ্ছে টাইগারদের।

সম্প্রতি ফ্রেশ এর ফেসবুক লাইভে আলাপকালে তামিম বলেন,”আমার কাছে মনে হয় ২০২৩ বিশ্বকাপে আমাদের খুব ভালো সুযোগ আছে। আমি ওয়ানডে খেলতে খুব পছন্দ করি। টেস্ট ও টি-টোয়েন্টির সাথে তুলনা করলে দেখবেন আমরা ওয়ানডেতে অনেক ভালো দল।’’

সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। সেই দলের ক্রিকেটাররা এখন আছেন জাতীয় দলের পথে। তামিমের কণ্ঠে তাই প্রত্যাশার সুর।

তিনি বলেন,”ওয়ানডে দলটা যেভাবে গড়ে উঠছে, অবশ্যই আমাদের ভালো একটা সুযোগ আছে। প্রত্যেক বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত গিয়েছি ভালো খেলার জন্য। তবে ২০২৩ বিশ্বকাপ ইনশাআল্লাহ জয়ের জন্য যাব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »