নাসেরের মতে ভবিষ্যত সুপারস্টার জেমিসন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাঠে গড়িয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। যেখানে ভারতকে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট করে দিয়েছে নিউজিল্যান্ড। এই কৃতিত্ব পেসার কাইল জেমিসনের। ডানহাতি এই পেসার একাই শিকার করেছেন ৫ উইকেট। যার মধ্যে ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ঋষভ পান্তের মতো ব্যাটসম্যান।

অভিষেকের পর থেকেই বল হাতে দাপিয়ে বেড়াচ্ছেন জেমিসন। এখন পর্যন্ত তার খেলা ৮ টেস্টের পাঁচবারই ইনিংসে ৫টি করে উইকেট শিকার করেছেন তিনি। গতকাল তৃতীয় দিনের খেলা শেষে তাই জেমিসনের প্রশংসা শোনা গেল সাবেকদের মুখে।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হুসেইন মনে করছেন, এই ধারা অব্যাহত রাখলে জেমিসন ভবিষ্যতে সুপার স্টার হতে চলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে বোলিং করতে হয় এটাই দ্রুতই শিখে গেছেন বলেও মনে করেন নাসের।

ম্যাচ চলাকালীন নাসের বলেন,”আন্তর্জাতিক ক্রিকেটে তার (কাইল জ্যামিসন) প্রভাব এবং তার ধারাবাহিকতা বেশ দারুণ। সে তার ক্যারিয়ারে মাত্র আটটি টেস্ট ম্যাচ খেলেছে এবং ইতিমধ্যে পাঁচবার পাঁচ উইকেট পেয়েছে। তার নিউজিল্যান্ড দলে তাত্ক্ষণিক প্রভাব বেশ ফলপ্রসু।”

তিনি আরো বলেন,”জ্যামিসন এই পর্যায়ে আসলো এবং সে অসাধারণ বোলিং করতে শুরু করলো। ম্যাচের সময় সে যেভাবে বোলিংয়ে পরিবর্তন এনেছে মনে হয় যেন সে দ্রুতই শিখে গেছে। এই ফাইনাল ম্যাচে এসে নবাগত হিসাবে এবং এমন পারফরম্যান্স এটাই প্রমাণ করে ভবিষ্যতে সে সুপারস্টার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »