নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা প্রকোপের কারণে ক্রিকেটারদের বেড়েছে মানসিক ধকল। জৈব সুরক্ষা ও কোয়ারেন্টিন থেকে খেলার কারণে ক্লান্ত হয়ে পড়ছে অনেকেই। আর এই বিষয়টি বিবেচনায় এনে খেলোয়াড়দের বিশ্রামের পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম।
এ মাসের শেষদিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে, জিম্বাবুয়ে সফরে নির্দিষ্ট ফরম্যাটে বিশ্রাম নিতে চান সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মত সিনিয়র ক্রিকেটাররা।
এ কারণেই ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পক্ষে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, ক্রিকেটাররা তাদের বিশ্রামের প্রয়োজনীয়তা বোর্ডকে অবহিত করলে বোর্ড তা বিবেচনা করবে।
দেবাশীষ বলেন,”যে ইনটেনসিটি ও ফ্রিকুয়েন্সিতে খেলা চলছে শারীরিক সমস্যার পাশাপাশি বাবল ফ্যাটিগেও অনেক খেলোয়াড় আক্রান্ত হচ্ছেন। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই আমাদের খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে বোর্ডের কাছে যে খেলোয়াড়রা সমস্যার কথা জানাচ্ছেন বোর্ড তাদের ব্যাপারে অবশ্যই চিন্তাভাবনা করছে।’’
তিনি আরো বলেন,’‘আমরা জানি না আগামী আরও কয় মাস বা কয় বছর আমাদের এভাবে বায়ো বাবল এনভায়রনমেন্টে চলতে হবে। এজন্য অবশ্যই আমরা বলব- খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের একদিকে আমরা বলছি মানসিকভাবে পূর্বপ্রস্তুতি যেন আরও ভালো থাকে। একইসাথে কেউ যদি অভিযোগ জানায় বাবল ফ্যাটিগে আক্রান্ত হয়েছে বা বিশ্রামের প্রয়োজন করে বা ছুটি নিতে চায় সেটা বোর্ডের কাছে আবেদন করলে অবশ্যই বোর্ড বিবেচনা করবে।”
