নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাম্প্রতিক সময়ে দেখা গেছে শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যানরা নিয়মিতই ব্যর্থ হচ্ছেন ব্যাট হাতে। এ নিয়ে চিন্তার শেষ নেই দলটির প্রধান কোচ মিকি আর্থারের। মিডল অর্ডারের পাশাপাশি দলের সব ব্যাটসম্যানদের ভূমিকা নতুন করে ঠিক করতে চান তিনি।
আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই ক্রিকেটারদের ভূমিকা নিয়ে আলোচনা সেরে ফেলতে চান আর্থার। এসব কারণেই মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কা ছন্দ হারাচ্ছে বলে মনে করেন এই কোচ।
আর্থার বলেছেন,”বাংলাদেশে আমরা মাঝের ওভারগুলোতে পিছিয়ে যাচ্ছিলাম এবং এটা এমন একটি জায়গা যেখানে আমরা উন্নতি করতে পারি অনুশীলন ও প্রস্তুতিতে (ইংল্যান্ডে)। মাঝের সময়গুলোতে আমাদের কি প্রয়োজন এটা বুঝতে হবে। আমরা স্ট্রাইক রোটেশন ও উইকেটে থাকার বিষয়গুলো নিয়ে কাজ করছি।”
পরবর্তী ম্যাচগুলোতে কুশাল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো ও দানুশকা গুনাথিলাকাকে শীর্ষ তিনে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন আর্থার। সেই সঙ্গে বাকিদের মধ্যে মিডল অর্ডারের দায়িত্ব বুঝিয়ে দেবেন এই লঙ্কান কোচ। যত দ্রুত সম্ভব নিজেদের ব্যাটিং অর্ডার গুছাতে চায় শ্রীলঙ্কা।
আর্থার বলেছেন,”আমরা ছেলেদের ভূমিকা পুনঃনির্ধারণ করেছি। আমাদের এমন অনেক ছেলে আছে যারা ১, ২ ও ৩ নম্বরে খেলে। কিন্তু আমাদের ৪, ৫ ও ৬ নম্বরে খেলানোর মতো ব্যাটসম্যান খুব বেশি নেই। আমরা অনুশীলনে এই ব্যাপারগুলোর সমাধান করবো। দুই জনের মধ্যে অন্তত একজনকে নিজের ভূমিকা বদলাতে হবে। আমরা এগুলো নিয়ে আগেও কাজ করেছি।”
