নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শরিফুল ইসলাম। যিনি ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন জাতীয় দলেও। যে কারণে ক্যারিয়ারের বর্তমান সুসময়ে ছেলেবেলার কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
শরিফুলের মতে, তার অভাবনীয় উন্নতির পেছনে সবচেয়ে বেশি অবদান আলমগীর কবিরের।
গতকাল প্রিয় শিক্ষকের সাথে নিজের একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শরিফুল লিখেছেন,’‘ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার কোচ আলমগীর কবির, সাবেক পেসার। আমার ক্রিকেটার হওয়ার পিছনে আল্লাহ আমার পরিবারের পর যে মানুষটার প্রভাব সব থেকে বেশি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে অন্যতম একজন।’’
শরিফুল আজকের পর্যায়ে আসায় তার স্বীকারোক্তিতে কোনো কার্পণ্য নেই। তার ভাষায়,”আজ থেকে ৭-৮ বছর আগেও আমার এত বড় স্বপ্ন ছিল না, যখন আমি ক্রিকেট খেলতাম না। তিনি আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্ব জয় করার। সেই দিনাজপুরের ক্লেমন ক্রিকেট একাডেমি থেকে শুরু করে রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমি, থার্ড ডিভিশন, এনসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ জাতীয় দল পর্যন্ত আমাকে অনেক সমর্থন করে পাশে ছিলেন।’’
শরিফুল আরও লিখেছেন,”আমি উনার প্রতি চির কৃতজ্ঞ। উনার মাধ্যমে আল্লাহ আমাকে এতদূর আসতে দিয়েছেন। আপনার প্রতি রইল অনেক দোয়া ও শুভকামনা। আপনার সুস্থতা কামনা করছি স্যার।”
