নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাধারনত টি-টোয়েন্টি ক্রিকেটে তুলনামূলক ভাবেই ব্যাটসম্যানরা ভাল করে থাকেন আর বোলারদের মাঝে দেখা যায় অসহায়ত্বর চাপ। অথচ, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে ঠিক যেন তার উল্টো। এ লিগে বরারবই আলো চড়িয়েছেন বোলাররা। আর এজন্য উইকেট নয়, আবহাওয়াকেই দায়ী করছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
ডিপিএলের প্রথম রাউন্ডের পর বৃষ্টির পানিতে মাঠ তলিয়ে যাওয়ায় বিকেএসপিতে আর খেলা হয়নি। মিরপুরের মাঠেই একেরপর এক টানা ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টানা খেলার কারণে টি-টোয়েন্টি বান্ধব উইকেট প্রস্তুত কঠিন হচ্ছে বলে ধারনা করেছেন অনেকে। তবে রাজ্জাক মনে করেন, মেঘলা আবহাওয়ার কারণেই রানখরা ডিপিএলে। শনিবার (৫ জুন) সন্ধ্যায় গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে সাধারণত ব্যাটিং উইকেট করা হয়। কিন্তু এখন যে আবহাওয়া, তাতে ব্যাটিং উইকেট করা কঠিন। চেষ্টাও করা হচ্ছে। কিন্তু খুব কঠিন। এখন বৃষ্টি হল, এখন যে খেলা হবে এখানে বড় স্কোরের ম্যাচ আশা করতে পারবেন? হতে পারে কিন্তু খুব কঠিন।’
ডিপিএলের কোনো পারফর্মার নজর কেড়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে রাজ্জাক জানালেন- উঠতি খেলোয়াড়দের ক্ষেত্রে এত সহজে যাচাই করার সুযোগ নেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত অল্প (তিন রাউন্ড) খেলা হয়েছে। আলাদাভাবে কোনো খেলোয়াড়কে ৪-৬ ম্যাচ দেখে বিবেচনা করে ফেললাম জাতীয় দলের জন্য, এটা কঠিন। আমার কাছে অদ্ভুত লাগে ব্যাপারটা। মাত্র কয়টা ম্যাচ দেখে কাউকে জাতীয় দলের জন্য বিবেচনা করা ঠিক হবে না।’
তবে ডিপিএলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ভবিষ্যতে নিজেদের কাজ সহজ করে তুলতে মরিয়া নির্বাচক প্যানেল। এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘ভালোর কোনো শেষ নেই। খেলোয়াড়রা যত ভালো করবে, তা জাতীয় দলের জন্যই ভালো। তাই আশা করতে থাকব আরও ভালো করুক। দিনশেষে দেশই উপকৃত হবে।’
যারা পুলে আছে তারাই শুধু না। জাতীয়দলের দরজা সবার জন্য খোলা। ডিপিএল অন্যতম বড় আসর। এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়, খেলোয়াড়দের ভালো করার তাগিদও থাকে। তারা ভালো করলে আমাদের কাজও সহজ হয়, জাতীয় দল উপকৃত হয়, দেশ উপকৃত হয়।’
