ডেস্ক রিপোর্ট »
বাংলাদেশের ক্রিকেট যেন ঝড়ের মতো, ঝড় এসে আবার চলে যায়, কখনো বা আবার ঝড়ের আভাস দিয়েই হারিয়ে যায় । বাংলাদেশ ক্রিকেটেও তেমনি অনেক প্রতিভাবান ক্রিকেটার এসেছেন, আবার হারিয়েও গিয়েছেন। অনেকেই আবার স্বপ্ন দেখিয়েছেন বড় কিছু করার আভাস দিয়েছেন কিন্তু আবার হারিয়েও গিয়েছেন। এমনই এক ক্রিকেটার এনামুল হক বিজয় ।
১৯৯২ সালের ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে জন্ম গ্রহণ করেন বলে নাম রাখা হয় বিজয়, নামের সাথে মিল রেখে সপ্ন দেখিয়েছিলেন লাল সবুজের জার্সিতে বিজয় ছিনিয়ে আনার। বয়সভিত্তিক ক্রিকেটে ছিলেন দুর্দান্ত, তখন থেকেই তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাংলার ক্রিকেট প্রেমীরা । শুরুটাও হয়েছিল দুর্দান্ত, আন্তর্জাতিক ক্রিকেটে ২য় ম্যাচেই তুলে নিয়েছিলেন প্রথম শতক।
অভিষেকের পর থেকেই দুরন্ত পারফর্ম করে চলছিলেন বিজয়, হয়ে উঠেছিলেন লাল সবুজের জার্সিতে নিয়মিত মুখ। জায়গা করে নিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের দলেও, কিন্তু বাধ সাধলো ইঞ্জুরি। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইঞ্জুরির কবলে পড়ে ফিরতে হয়েছিল দেশে, সেই যে বাদ পড়লেন জাতীয় দল থেকে এরপর আর নিয়মিত হওয়া হয়নি জাতীয় দলে ।
আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৮ ম্যাচে ৩০ গড়ে করেছেন ১০৫২ রান, ৩টি সেঞ্চুরির সাথে আছে ৩টি হাফ সেঞ্চুরিও । টি২০ ক্রিকেটে ১৩ ম্যাচে ৩২ গড়ে করেছেন ৩৫৫ রান। টেস্ট ক্রিকেটে মাত্র ৪ টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে বিজয়ের।
বিশ্বকাপে বাদ পড়ার পরে আরো বেশ কবার লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ এসেছিল বিজয়ের, কিন্তু করতে পারেননি নামের প্রতি সুবিচার, প্রত্যাশা পূরণ করতে পারেননি ম্যানেজমেন্টের, ফলাফল আবারও দল থেকে ছিটকে পড়া। এরপর আর জাতীয় দলে নিয়মিত হওয়া হয়নি বিজয়ের, লাল সবুজের জার্সি গায়ে উৎযাপন করা হয়নি জয়ের আনন্দ।
জাতীয় দলে সুযোগ কাজে লাগাতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বিজয় পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত, তবে লাল সবুজের জার্সি গায়ে উঠলেই হারিয়ে যায় সেই ফর্ম।
বাংলাদেশের ক্রিকেট এনামুল হক বিজয় আজ এক আফসোসের নাম, তার সমসাময়িক ডি ককরা যখন দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ব ক্রিকেট তখন বিজয়ের নাম হারানোর তালিকায়। বয়স ভিত্তিক ক্রিকেটে যে বিজয় আলো ছড়িয়ে পিছনে ফেলেছিলেন ডি ককদের আজ সেই বিজয় নিজেকে হারিয়ে খুঁজছেন। বিজয়দের এমন হারিয়ে যাওয়ার দায় কি শুধুই বিজয়ের?? নাকি ম্যানেজমেন্ট এর সঠিক পরিচর্যা না পাওয়ায় হারিয়ে যায় বিজয়ের মতো প্রতিভাবানরা??

মন্তব্যসমূহ »
ভালো লাগলো