নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা উপেক্ষা করেই ঢাকা প্রিমিয়ার লিগের স্থগিত আসরটি নতুন রূপে গত ৩১ মে থেকে মাঠে গড়ায় বিসিবি। জনপ্রিয় এই টুর্নামেন্টকে ঘিরে নানা রংয়ে সাজের রূপ ক্রিকেট পাড়া। এর মাঝে আলোচনার শীর্ষে ব্রাদার্স ইউনিয়নের জার্সি নিয়ে। অন্যদের চেয়ে একটু বেশিই দৃষ্টি কেড়ে নিচ্ছে, আর তা বাহারি রঙের জার্সির জন্য।
ব্রাদার্সের প্রচলিত জার্সিতে আগে থেকেই ছিল কমলা রঙের ব্যবহার। এবার কমলা-হলুদ রঙের সাথে আরও নানান রঙ মিশিয়ে চোখে পড়ার মত এক জার্সি নিয়ে প্রিমিয়ার লিগ খেলছেন ব্রাদার্সের ক্রিকেটাররা। এ বিষয়টি নজর কাড়ে তামিমেরও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা নিয়ে একটু রসিকতাই করেছেন অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবাল প্রাইম ব্যাংকের হয়ে ডিপিএল খেলছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটে আমার দেখা সবচেয়ে বর্ণিল জার্সি হল ব্রাদার্স ইউনিয়নের এই জার্সি। এর চেয়েও বর্ণিল কোনো জার্সি দেখলে জানান!’ তামিম তার পোস্টে ইমুজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ব্রাদার্সের জার্সি দেখে বেশ রসবোধ জেগেছে তার!
বহুল প্রতীক্ষিত ডিপিএলে দুই রাউন্ড শেষে তামিমের দল দুই ম্যাচেই জিতেছে। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন জিতেছে একটি ম্যাচে, হেরেছে অপরটি।
