নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার হানায় মাঝপথে হুট করেই থেমে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তবে বেশ কয়েক দফায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসরের বাকি অংশ। তবে সে সময় খেলা হবে না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে হোম সিরিজ। এই আঁটোসাটো সময়ে মূলত ক্রিকেটারদের নিঃশ্বাস নেবার স্বস্তি নেই। এমতাবস্থায় আইপিএলের বাকি অংশে খেলার প্রশ্নই আসে না। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও দেওয়া হবে না নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)।
এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবের আইপিএলের বাকি অংশের খেলায় অংশ নেওয়ার সুযোগ নেই। কারণ ঐ সময় বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দল অবস্থান করবে বাংলাদেশে সিরিজ খেলার জন্য। তাই সাকিবের সে সময় অনাপত্তিপত্র পাওয়ারও কোনো সুযোগ নেই।’
সাকিবের মত একই ব্যাপার খাটছে মুস্তাফিজের ক্ষেত্রেও। আইপিএলের বাকি অংশের জন্য এনওসি পাবেন না তিনিও। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমান এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব আল হাসান।
