সিরিজের শেষ ম্যাচে বড় জয় লঙ্কানদের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পেরেরার সেঞ্চুরি আর চামিরার বোলিং তোপে মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৯৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ২-১ এ সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

এদিন মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশ দলে লিটনের বদলি নাইম আর লংকানদের দলে চার পরিবর্তন। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাউন্ডারি দিয়ে শুরু করেন গুনাথিলাকা। এরপর টাইগার বোলারদের উপর পাওয়ারপ্লেতে ব্যাটিং ঝড় তুলেন দুই লংকান ওপেনার। প্রথম ১০ ওভারেই বিনা উইকেটে ৭৭ রান করে লংকানরা!

এরপর দলীয় ১২ তম ওভারে একই ওভারে গুনাথিলাকা ৩৯ ও নিসাঙ্কাকে শূন্য রানে তুলে নিয়ে টাইগারদের ম্যাচে ফেরায় তাসকিন। একপ্রান্তে দূর্দান্ত ফিফটি করেন কুশল পেরেরা৷ ৩য় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন পেরেরা। ৪র্থ উইকেটে ডি সিলভার সাথে ৬৫ রানের জুটির পথে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন কুশাল পেরেরা, এই সেঞ্চুরির পথে তিনি তিনবার জীবন পান!

দলীয় ২১৬ রানে ব্যক্তিগত ১২০ রান করে আউট হন কুশাল পেরেরা। শেষ দিকে ফিজ-তাসকিনদের দূর্দান্ত বোলিংয়ের পরেও লংকানরা ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান করতে সক্ষম হয়। লংকানদের পক্ষে পেরেরা সর্বোচ্চ ১২০ রান করেন এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা করেন অপরাজিত ৫৫ রান। তাসকিন আহমেদ ৪৬ রানে নেন ৪ উইকেট।

জবাবে বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চামিরার বোলিং তোপে মাত্র ২৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।
মুশফিক-মুসাদ্দেক প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৮ রানে মুশফিক ফিরলে জয়ের আশাও শেষ হয়ে যায়। একপ্রান্তে মুসাদ্দেকের ধৈর্যশীল ফিফটি ম্যাচে কিছুটা আশা দেখালেও ব্যক্তিগত ৫১ রানে মোসাদ্দেক ফিরলে শেষ আলোটুকও নিভে যায়। বাকিরা ছিলেন আশা যাওয়ার মিছিলে! একপ্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটিটা যেনো গোবরে পদ্মফুল।

চামিরার ফাইফরে শেষ পর্যন্ত ১৮৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। শেষ উইকেটে ৫৩ রানে আউট হন রিয়াদ। চামিরা ১৬ রানে শিকার করেন ৫ উইকেট। শেষ ম্যাচে ৯৭ রানে হারলেও ২-১ এ সিরিজ জয়লাভ করে টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »