এখনই তরুনদের শেখার সঠিক সময়- আকরাম খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যাট হাতে বরাবরই ব্যার্থ ওপেনার লিটন দাশ। জাতীয় দলের তারকা এই ব্যাটসম্যান কোনভাবেই বড় স্কোর সংগ্রহ করতে পারছেন না। দলের বিপর্যয় অবস্থায়ও তিনি হাল ছেড়ে দিয়ে দলকে খাদের কিনারায় টেখে সাজঘরে ফেরেন।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বড় দায়িত্ব ছিল লিটনের কাঁধে। নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান সাজঘরে ফিরে যান শুরুতেই। এরপর নায়ক হওয়ার আদর্শ ও প্রস্তুত মঞ্চ পেয়েছিলেন লিটন। মুশফিকুর রহিম সেই মঞ্চ নিজের উপযোগী করে শতক হাঁকালেও লিটন থেমেছেন মাত্র ২৫ রানে।

অতীতে মিডল অর্ডার কাঁপানো লিটনকে তবুও কেন বারবার ওপেনিংয়ে সুযোগ দেওয়া হচ্ছে, গণমাধ্যমের এমন প্রশ্নের মুখে দ্বিতীয় ওয়ানডে চলাকালে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান। তবে তার সুর ছিল লিটনের পক্ষেই।

আকরাম বলেন, “এটা তো অধিনায়ক, কোচ ওরা ভালো বুঝবে। অবশ্যই বাংলাদেশ দল ভালো খেললেই সবার জন্য ভালো। অনেকে হয়ত রানে থাকে না, এটা অন্য ব্যাপার। যা কিছুই হোক, আমরা হয় সিরিজের আগে কথা বলি বা পরে কথা বলি। একটা ম্যাচ গেছে, আজকে নিয়ে দুইটা যাচ্ছে। আজকে যতক্ষণ ব্যাটিং করছিল ভালোই করছিল। ও তরুণ, পরীক্ষিত খেলোয়াড়। আগেও অনেক জায়গায় ভালো ইনিংস খেলেছে। তাই আমার মনে হয় তাকে নিয়ে এত দ্রুত বলা ঠিক হবে না।’

জাতীয় দলে বারবার সিনিয়রদের ওপরই নির্ভরতা, দিনদিন সেই নির্ভরতার হার যেন বেড়েই চলছে। পরীক্ষিত তরুণ ধারাবাহিক না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যায়। বোর্ডের কর্তাব্যক্তিরা বিষয়টি নিয়ে কীভাবে ভাবেন?

এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘প্রেসিডেন্ট বক্সে অনেক ব্যাপারেই আলাপ হয়। যারা দল নির্বাচনের দায়িত্বে আছেন এটা ওদের ব্যাপার। তবে ব্যাপারটা অ্যালার্মিং। আমাদের ৩-৪ জন সিনিয়র খেলোয়াড় অনেকদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে, আমরা ভালো পারফর্মও করেছি, আমাদের সৌভাগ্য। কিন্তু আমার মনে হয় তরুণ খেলোয়াড়দের সময়টা চলে এসেছে। যদি আপনারা বলেন তরুণদের আমরা সুযোগ দিচ্ছি না, সেটাও ভুল হবে।’

‘এখনকার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট সবার ওপরই আস্থা রেখেছি। যারা তরুণ আছে তাদের সিনিয়র ক্রিকেটারকে ফলো করা উচিৎ। সিনিয়রদের অভিজ্ঞতা ভাগাভাগি করা উচিৎ। বাংলাদেশ দলে সবাই ভালো খেলোয়াড়। তবে যারা বেশি মানসম্পন্ন, ওদের মত আরও বেশি খেলোয়াড় দরকার। ওরা কীভাবে নিজেদের কোয়ালিটি খেলোয়াড়ে পরিণত করবে এটা সিনিয়রদের কাছ থেকে জেনে নেওয়া উচিৎ। অন্যথায় এটা আসলেই আমাদের জন্য উদ্বেগজনক।’

সিনিয়র ক্রিকেটারদের বিচারে লিটন মিঠুনদের তরুন মনে করেন এই কর্তা। সেই ‘তরুণ’দের প্রতি আকরামের পরামর্শ- নিজ দায়িত্বে দায়িত্ব নেওয়া শিখতে হবে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মত ক্রিকেটারদের কাছ থেকে। বোর্ড থেকে পূর্ণ সমর্থন যে আছে, পরিস্কার করলেন সেই বিষয়ও।

আকরাম বলেন, ‘আমি বলেছি, সবাই কিন্তু ভালো খেলোয়াড়, কিন্তু আমাদের দরকার মানসম্পন্ন খেলোয়াড়। কোয়ালিটি খেলোয়াড় হওয়ার জন্য কী কী করা প্রয়োজন এটা সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিৎ। বোর্ড কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে। ভালো ম্যানেজমেন্ট, স্টাফ দিচ্ছে। উন্নতিটা নিজেকে করতে হবে। বোর্ডের সুযোগ-সুবিধার পাশাপাশি নিজের চেষ্টা থাকতে হবে। ওরা চেষ্টা করছে। তবে মানসম্পন্ন চেষ্টা খুব জরুরী। ওরা থাকলে ইনশাআল্লাহ নিজেদের আরও উন্নত করবে। সামনে প্রচুর খেলা আছে। এটা তরুণদের শেখার সঠিক সময়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »