নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩ রানের জয় পেয়েছে টাইগাররা। লঙ্কান ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় না পেলেও টাইগার বোলারদের এ ম্যাচ জয়ে কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক কুশল পেরেরা।
দলীয় ১০২ রানেই ৬ উইকেট হারায় লঙ্কানরা। এরপর হাসারাঙ্গা দাসুন শানাকা ও ইসুুরু উদানাকে নিয়ে দারুণ জুটি গড়ে লঙ্কানদের জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। তবে ৬০ বলে ৭৪ রান করে হাসারাঙ্গা ফিরলে দ্রুতই জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় তাদের। ফলে ৩৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে গিয়ে ম্যাচ শেষে পেরেরা বলেন,”হেরে যাওয়া দল হওয়া মোটেও ভালো কিছু নয়, তবে বেশ কিছু পজিটিভ (ম্যাচে) আছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা দারুণ খেলেছে। আমরা ভালো বল করেছি। বাংলাদেশ ভালো দল, আমাদের বোলাররা অভিজ্ঞ না তবে তারা বাংলাদেশকে ২৫৭ রানে বেঁধে রেখেছে।”
তিনি আরও বলেন,”হাসারাঙ্গা হাইলি রেটেড ক্রিকেটার। এই কন্ডিশনে ১০ ওভার বল করা দারুণ কিছু। টপ অর্ডারকে ৩০-৩৫ ওভার থাকতে হত উইকেটে। ইসুরু উদানা ও হাসারাঙ্গা আমাদের সুযোগ তৈরি (জয়ের) করেছিল তবে তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমাদের হাতে ২ টি ম্যাচ আছে, আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে।”
