নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দিলো আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। করোনা মহামারিতে হটাৎ করেই মাঝ পথে বন্ধ হয়ে যায় পিএসএলের এবারের আসর। এরপর পিসিবি বাকি অংশ জুনে আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয়।
পরবর্তীতে ভারতের করোনা প্রকোপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের) ১৪ তম আসর। আর ভারতের করোনা মহামারি অত্যাধিক বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের মতো ফ্লাইট বন্ধ করে দেয় আরব আমিরাত সরকার। এতে বিপাকেই পড়ে পিসিবি। ফ্লাইট বন্ধ থাকলে জুনে পিএসএলের বাকি অংশ আয়োজন করা নিয়েও বেশ ঝামেলা দেখা দেয়।
অবশেষে সেই বাধা কাটলো। পিসিবির পক্ষ থেকে এমিরেটস ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দেওয়া হয়। এবং এতে পিএসএলের বাকি অংশ আয়োজনের জন্য সহযোগিতা চাওয়া হয়। আর সেই চিঠির পাল্টা উত্তরে পিসিবিকে পিএসএল আয়োজনের প্রস্তুতি গ্রহণ করতে বলে সবুজ সংকেত দেওয়া হয়।
সবকিছু ঠিক থাকলে জুনের মাঝামাঝি সময়ে আয়োজন করা হতে পারে পিএসএলের বাকি অংশ। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই আর কোনো বাধা থাকবেনা পিএসএলের বাকি ম্যাচ আয়োজনের।
