নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এখনও ‘বর্তমান খেলোয়াড়’। যদিও অনেকদিন হলো কোনো ম্যাচ খেলা হয়নি তার। তবে আবারও লঙ্কানদের জার্সি গায়ে ফিরছেন এই পেসার।
চলতি বছরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তাই আবারও মালিঙ্গাকে দলে ফেরানোর পরিকল্পনা করেছে লঙ্কান বোর্ড।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাচক প্রমোদ্যা উইকরামাসিংহে বলেন,”আমরা শীঘ্রই মালিঙ্গার সাথে কথা বলব। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ও ভালোমতোই রয়েছে। এছাড়াও আমরা ২০২৩ বিশ্বকাপের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সারছি। সেখানে দু-ধরনের বিষয় নিয়ে আমরা টিম কম্বিনেশন ঠিক করব। এক, বয়স এবং দুই, ফিটনেস।’’
তবে মালিঙ্গা টি-টোয়েন্টি দলের বিবেচনায় আছেন ভালোভাবেই। প্রমোদ্যা বলেন,’‘ও আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা বোলার। এখনো ও যে ফর্মে রয়েছে তাতে যেকোনো দলে অনায়াসে তাকে রাখা যায়। পরপর দুই বছর বিশ্বকাপ রয়েছে। এমন অবস্থায় তার সঙ্গে তাড়াতাড়ি আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে চাই।’’
মালিঙ্গা জানিয়েছেন, নির্বাচকদের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবেন। এ বিষয়ে তিনি বলেন,’‘নির্বাচকদের সঙ্গে দেখা করতে যাব কিছুদিনের মধ্যেই। ওয়ানডে এবং টেস্ট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি থেকে কিন্তু অবসর নিইনি। জাতীয় দলে আমার মত সিনিয়র ক্রিকেটারকে নিয়ে নির্বাচকদের পরিকল্পনা কী, সেটা শুনতে চাই। ক্যারিয়ারে একাধিকবার ফিরে এসে নিজেকে প্রমাণ করছি। এবারও সেটা করতে চাই।’’
