নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ পেছানোর শঙ্কা তৈরি হয়েছে। ২৩ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত তারিখের পরিবর্তে ২৭ মে থেকে সিরিজ শুরু হতে পারে এমনটিই গুঞ্জন উঠেছে দেশের ক্রিকেট অঙ্গনে।
ক্রিকেট সম্প্রচারের সাথে যুক্ত একাধিক ভারতীয় কর্মী। ভারতীয় কর্মীদের নিয়ে গড়া প্রোডাকশন টিম শ্রীলঙ্কা সিরিজে কাজ করবে। এই দলটি ঢাকায় এলে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আগে পালন করতে হবে পূর্ণ কোয়ারেন্টিন। তার আগে কাজে নেমে পড়ার সুযোগ নেই। শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ সফরে এলে তাদের থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। কারণ সরকারের নির্দেশ অনুযায়ী ভারত ফেরতদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক।
এর আগে আইপিএল থেকে ফেরা সাকিব মোস্তাফিজ এর জন্য একই নিয়ম বেঁধে দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রনালয়। ভারত ফেরতদের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করায় কোভিড প্রটোকল শিথিলের কোনো সুযোগ বা সম্ভাবনাও নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাই বাধ্য হয়ে মানতে হচ্ছে বিষয়টি। তাই পরিকল্পনায় রাখতে হচ্ছে সিরিজ কিঞ্চিৎ পিছিয়ে দেওয়ার বিষয়টিও।
বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে এই বিষয়ে এখনো কোন নিশ্চয়তা পাওয়া যায় নি। বিসিবি যাদি এই সিরিজ সম্প্রচার করতে ভিন্ন কোন প্রোডাকশন টিম নেয় তাহলে হয়তো সিরিজটি সঠিক সময়েই অনুষ্ঠিত হতে পারে। তবে রিয়েল ইমপ্যাক্টকে (ভারতীয় দলকে)দায়িত্ব দিলে ২৭ মে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে বলে জানা গেছে।
উল্লেখ্য আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলংকা। বাংলাদেশে এসে ৩ দিন কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে লঙ্কানরা। তারপর আগামি ২৩, ২৫ ও ২৭ মে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজক্রিকেট /রাসেল।
