নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারই অভিষেক হয়েছে ভারতীয় তরুণ পেস বোলার চেতন সাকারিয়ার। রাজস্থান দলে থাকার সুবাদে মুস্তাফিজুর রহমানের সান্নিধ্য পেয়েছেন তিনি। খুব কাছে থেকে তিনি ফিজকে দেখেছেন, বুঝেছেন। যে কারণে সাকারিয়া মুস্তাফিজের উইকেট বোঝার ক্ষমতার প্রশংসা করেছেন। এমনকি মুস্তাফিজ তাকে কীভাবে সাহায্য করেছেন তাও প্রকাশ করেছেন।
অভিষেকের আগেই নয়, খেলার পরেও নিজের পারফরম্যান্স দিয়ে সবার আলোচনায় ছিলেন তিনি। ২২ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, আইপিএলে তার পারফরম্যান্সের পেছনে অবদান আছে রাজস্থান রয়্যালসের দুই সতীর্থ বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ও ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকারিয়া বলেন,”মুস্তাফিজ খুব ভালোভাবেই উইকেট বুঝতে পারে। সে আপনাকে বলে দিতে পারবে ঠিক কখন স্লোয়ার বল করতে হবে। সে জানে কীভাবে একজন ব্যাটসম্যানের ছন্দপতন ঘটাতে হয়।’’
ইংলিশ ব্যাটসম্যান বাটলারকে নিয়ে সাকারিয়া বলেন,’‘বাটলার যদিও একজন ব্যাটসম্যান, পাওয়ারপ্লেতে বোলিংয়ের ব্যাপারে সে আমাকে অনেক কিছুই শিখিয়েছে। প্রস্তুতি ম্যাচে যখন আমি বল করছিলাম তখন সে আমার পাশে দাঁড়িয়ে দেখত। সে আমাকে বলেছিল লেন্থ ধরে রেখে ভালো বোলিং করে যেতে, যেন একটাও বাজে ডেলিভারি না হয়।”
