নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ কয়েক বছরে ভারতের সাদা পোশাকে সবচেয়ে বড় ব্যাটিং ভরসার নাম চেতেশ্বর পুজারা। যাকে ছাড়া ভারতের টেস্ট দল কল্পনাই করা যায় না। নিজেকে উপমহাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পুজারা।
অনেক চড়াই উৎরাই পার হয়ে তাকে এই অবস্থানে আসতে হয়েছে বলে জানান তিনি। ইনজুরিতে পড়ে ভেঙেই পড়েছিলেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প শুনিয়েছেন পুজারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,”জীবনের প্রথম চোট যখন পেলাম, আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় ছিল সেটি। আমাদের ফিজিও যখন আমার কাছে এসে বললেন, সেরে উঠতে ৬ মাস সময় লাগবে, আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে কাঁদতে শুরু করেছিলাম।”
তিনি জানিয়েছেন, প্রথমবার চোটে পড়ে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিলেন তিনি। তার ভাষ্য,”পুরোপুরি নেতিবাচক ডুবে গিয়েছিলাম তখন। ‘আবার কি খেলাটা খেলতে পারব?’ ‘আন্তর্জাতিক পর্যায়ে আবার মাঠে নামতে পারব?’, সবসময় এসব মনে হতো। ধীরে ধীরে আমি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। বাবা, বন্ধুরা আমার পাশে দাঁড়াল, সবাই ইতিবাচক কথা বলল যে এখান থেকে আমি বেরিয়ে আসতে পারব, দুর্ভাবনার কারণ নেই। এক পর্যায়ে আমি ভবিষ্যৎ নিয়ে ভাবনা বাদ দিয়ে বর্তমানে মনোযোগ দিলাম।”
