নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ভারতের পাশে দাঁড়াতে সঞ্জু স্যামসন, মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস ও জস বাটলারদের নিয়ে নিজেদের অর্থায়নে তহবিল গঠন করেছে রাজস্থান রয়্যালস। তাদের অর্থায়নে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে ৭.৫ কোটি রুপি অনুদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, মৃত্যুর সংখ্যটাও হু হু করে বাড়ছে। সেই সঙ্গে পুরো ভারত জুড়ে চলছে অক্সিজেনের জন্য হাহাকার। দেশটির এমন বিপর্যস্ত সময়ে পাশে এসে দাঁড়িয়েছে রাজস্থান। নিজেদের অর্থায়নে করোনা মোকাবেলায় সাড়ে সাত কোটি রুপি দিয়েছে এই দলটি। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি আর বৈদেশি মুদ্রায় প্রায় এক মিলিয়ন ডলারের বেশি।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উদ্যোগে করোনা মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে রাজস্থানের পক্ষ থেকে বলা হয়েছে যে,”রাজস্থান রয়্যালস তাদের মালিক, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য অনুদান হিসেবে ঘোষণা দিচ্ছে। এটি রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের অধীনে বাস্তবায়িত হবে।”
