নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ড্র হয়েছে। পাল্লেকেলের ব্যাটিং পিচে দুই দলই প্রথম ইনিংস গড়েছে রান পাহাড়। যে কারণে নির্ধারিত পাঁচ দিনেও মেলেনি ম্যাচের ভাগ্য নির্ধারণ। তাই নিয়ম অনুযায়ী ড্র হয়েছে প্রথম টেস্ট। শ্রীলঙ্কার মতো কন্ডিশনে খেলে টেস্টে ড্র করতে পারায় ভালো হয়েছে বলে মনে করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
সাম্প্রতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দুটোতেই হেরেছে তারা। যে কারণে ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল তলানিতে। সেখান থেকে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে অচেনা কন্ডিশনে খেলে টেস্ট ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।
এই ম্যাচে আধিনায়ক মুমিনুল বিদেশের মাটিতে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। টেস্ট ড্র করায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপও পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এ কারণে ড্র হলেও দেশের ক্রিকেটের জন্য ভালো হয়েছে বলে মনে করছেন মুমিনুল।
ম্যাচ শেষে তিনি বলেন,”ভালো উইকেট ছিল। বোলারদের তেমন কিছু ছিল না। আমার মনে হয় এটা মেনে নেওয়াই ভাল। ড্র হওয়াটাই ভাল হয়েছে। বোলিং যদি বলেন, এই উইকেটে বোলারদের যে কিছু ছিল তা বলা কঠিন। বোলাররা চেষ্টা করেছে । উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমার মনে হয় সবাই চেষ্টা করেছে। স্পিনার, পেস বোলার যে যখনই আসছে।”
তিনি আরো বলেন,”আমরা গত হোম সিরিজ-অ্যাওয়ে সিরিযে ওইরকম রেজাল্ট করতে পারিনি। একটা হোম সিরিজ হারার পর বিদেশে টেস্ট ড্র করতে পারা আমার কাছে মনে হয় ভাল একটা দিক। সেকেন্ডে টেস্টে অবশ্যই সবার ভেতরে আত্মবিশ্বাস দেবে। সবাই দলগতভাবে খেলেছে। বাংলাদেশ যখনই দলগতভাবে খেলতে পারে তখনই ভাল অবস্থায় থাকে।”
