নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ বোলারদের কেটেছে হতাশার মধ্যে। সারাদিনে লঙ্কান ব্যাটসম্যানরা ৭৬ ওভারে ব্যাট করে ২৮৩ রান সংগ্রহ করে জবাবে টাইগার বোলাররা নিতে পারেননি কোন উইকেট।
দিনশেষে ২৩৪ রান নিয়ে অপরাজিত আছেন দিমুথ করুনারত্নে আর সঙ্গী হিসেবে আছেন ১৫৪ রান করা ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম টেস্ট শেষ হতে আর বাকি মাত্র এক দিন। চতুর্থ দিন উইকেট ফেলতে না পারায় টেস্টের পঞ্চম ও শেষ দিনে লঙ্কান ব্যাটসম্যানদের বেঁধে রাখতে পরিকল্পনা কি?
এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন,”সাধারণত টেস্ট ক্রিকেটে বেসিক জিনিসটাই ধারাবাহিকভাবে করাটা হলো বিষয়। ফিল্ডিং অনুযায়ী ভালো লেন্থে বল করা মাঝে মাঝে হঠাত বাউন্সার করা। সেগুলো আমরা করছি, কিছু সুযোগও তৈরি হয়েছে।”
তিনি আরো বলেন,”দুর্ভাগ্য যে তা গ্যাপ এ পরেছে, ক্যাচের মতো হয়ে চার হয়েছে। তবুও আমি মনে করি এটা খুব ভাল ব্যাটিং উইকেট, তো এখানে আসলে আমাদের ধৈর্য্য নিয়ে ভাল বল করা ছাড়া উপায় নেই।”
টেস্টের আর একদিন থাকায় এই ম্যাচের ফলাফল প্রত্যাশা করাটা কঠিন। তাই তাসকিনও মনে করছেন ড্রয়ের পথেই হাটছে পাল্লেকেলে টেস্ট।
তিনি বলেন,”এই টেস্টে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু এটা যেহেতু ক্রিকেট, যেকোন সময় যেকোনো কিছু হতে পারে। দ্বিতীয় টেস্টে এমন উইকেটে খেলা হলে আরও আঁটসাঁট হতে হবে, আরও রান আটকে দেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাটসম্যানদের দুর্বল জায়গায় বল ফেলতে হবে। এছাড়া তেমন কিছু করার নেই আসলে।”
